ফ্যালকাওয়ের নতুন চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে রাদামেল ফ্যালকাও l ডেইলি মেইল
অনুশীলনে রাদামেল ফ্যালকাও l ডেইলি মেইল

আগের ম্যাচগুলোর কথা ভুলে যান। কাল কুইন্স পার্ক রেঞ্জার্সের সঙ্গে যে দলটা খেলবে, সেটা আসলে নতুন ইউনাইটেড! ভাবছেন, আন্তর্জাতিক ফুটবলের জন্য মাঝে তো মাত্র সপ্তাহ দুয়েকের বিরতি ছিল। তাতে কী এমন বদল হলো যে ম্যানচেস্টার ইউনাইটেডকে নতুন রূপে দেখা যাবে?
আসলে নতুনই। দলবদলের শেষ দিনে মোনাকো থেকে ধারে এসেছেন রাদামেল ফ্যালকাও। তাঁর আগে ওল্ড ট্রাফোর্ডে পা দিলেও এখনো ইউনাইটেডের হয়ে মাঠে নামা হয়নি ডেলি ব্লাইন্ড, মার্কোস রোহো আর লুক শর। ফন গালের দলে কাল অভিষেক হতে পারে তিনজনেরই। সঙ্গে মাত্র কিছুদিন আগে ট্রান্সফার ফির ব্রিটিশ রেকর্ড গড়ে ইউনাইটেডে আসা অ্যাঙ্গেল ডি মারিয়া তো আছেনই। নতুন ইউনাইটেড নয় তো কী!
ডি মারিয়ার অবশ্য অভিষেক হয়ে গেছে বার্নলির সঙ্গে আগের ম্যাচটিতেই। কিন্তু প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে জয় না পাওয়া দলটাকে তৃতীয় ম্যাচেও জেতাতে পারেননি আর্জেন্টাইন উইঙ্গার। ফ্যালকাও-ব্লাইন্ড-রোহোরা কি পারবেন?
প্রত্যাশা সবচেয়ে বেশি ফ্যালকাওকে ঘিরেই। অনেক নাটকের পর সাড়ে ৭ মিলিয়ন ইউরো চুক্তিতে মোনাকো থেকে ধারে খেলতে এসেছেন ইউনাইটেডে। কৈশোরের স্বপ্নের ক্লাবে নিজেকে উজাড় করেই দিতে চান কলম্বিয়ান স্ট্রাইকার, ‘আমি সব সময় চেয়েছি ইউনাইটেডের মতো বড় ক্লাবে খেলতে। এটা আমার ক্যারিয়ারের জন্যও বড় চ্যালেঞ্জ। এই ক্লাব নতুন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, দলটাও নতুন। এই মৌসুমে অনেক খেলোয়াড় এসেছে এখানে। আমি মনে করি ভবিষ্যতের জন্য দারুণ একটা দল গড়বে ম্যানচেস্টার। আমিও সেই প্রক্রিয়ার অংশ হয়ে থাকতে চাই।’
ফ্যালকাও আসার আগেই ইউনাইটেড ছেড়ে দিয়েছে ইংলিশ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেককে। নতুন ক্লাব আর্সেনালে আজ ম্যানচেস্টার সিটির বিপক্ষে অভিষেক হতে পারে তাঁরও। সম্প্রতি ইউরো বাছাইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে ওয়েলবেকও বুঝিয়েছেন কী দারুণ ছন্দে আছেন তিনি। এমিরেটসে ওয়েলবেক আরও পরিপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবেন বলে বিশ্বাস আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের, ‘ওর বয়স এখনো ২৪ হয়নি। এই বয়সে যারা আর্সেনালে এসেছে তারা এই ক্লাবের হয়ে লম্বা ক্যারিয়ার গড়েছে। আমরাও তাকে সাহায্য করতে প্রস্তুত এবং আশা করি সে আরও ভালো খেলোয়াড় হয়ে উঠবে।’
একই দিনে স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হচ্ছে প্রিমিয়ার লিগে আপাতত শীর্ষে থাকা দুই দল চেলসি ও সোয়ানসি সিটি। দুই দলই এ পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলে কোনো পয়েন্ট হারায়নি। তবে ম্যাচটার দিকে চোখ থাকবে অন্য একটা কারণেও। গত এপ্রিলে লিবার্টি স্টেডিয়ামে সোয়ানসির সঙ্গে লিগের ম্যাচের পর প্রতিপক্ষ কোচ গ্যারি মংকের সঙ্গে হাত মেলাতে রাজি হননি চেলসি কোচ হোসে মরিনহো। ওই ঘটনার রেশ এখনো আছে। আর সেটা নিয়ে মরিনহোকে একটু খোঁচাও দিয়েছেন সোয়ানসি কোচ মংক, ‘আমি তো আর একমাত্র লোক নই, যার সঙ্গে হোসে (মরিনহো) হাত মেলাতে রাজি হননি। তিনি অনেক বড় কোচ, ফুটবলে সবাই তাঁকে শ্রদ্ধা করে, অভিজাতদের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হয়।’ এএফপি, রয়টার্স।