ফ্যালকাওয়ের ম্যাচে নায়ক ব্রাভো
ম্যাচটা হয়েছে কলম্বিয়ায়। হামেস রদ্রিগেজদের প্রতিপক্ষ চিলি। তবে সুদূর ইংল্যান্ডে বসে কপালে ঘাম ছুটছে পেপ গার্দিওলার। ম্যানচেস্টার সিটি কোচের মাথাব্যথার কারণ, ম্যাচের ৬৫ মিনিটেই পায়ের চোট নিয়ে মাঠ ছেড়ে গেছেন সিটির চিলিয়ান গোলকিপার ক্লদিও ব্রাভো।
৬৫ মিনিট পর্যন্ত খেলেছেন, তাতেই অবশ্য সাহসী পারফরম্যান্সে চিলির নায়ক ব্রাভোই। একজন গোলকিপার নায়ক, বুঝতেই পারছেন ম্যাচের ফল কেমন হতে পারে? বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাল কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে চিলি। অন্য ম্যাচে ঘরের মাঠে উরুগুয়ে ২-১ গোলে হারিয়েছে ইকুয়েডরকে।
ব্রাভো নয়, কাল আলোচনায় থাকতে পারতেন রাদামেল ফ্যালকাও। প্রায় দুই বছর পর কালই কলম্বিয়ার জার্সিতে ফিরেছেন ৩০ বছর বয়সী মোনাকো স্ট্রাইকার। কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ হোসে পেকারম্যানের চোখে সেটিই গোলশূন্য ম্যাচের একমাত্র স্বস্তি।
দ্বিতীয়ার্ধে মাঠে নামা ফ্যালকাওয়ের সুযোগ ছিল মাইলফলক পেরোনোরও। কলম্বিয়ার হয়ে আরনোল্দো ইগুয়ারানের সঙ্গে (২৫ গোল) যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা, কাল গোল পেলে ফেরার ম্যাচেই চলে যেতেন সবার ওপরে। কিন্তু হলো না। তাঁকে ছাপিয়ে আলোচনায় বরং চিলি অধিনায়ক ব্রাভোই। চোটে পড়ার আগে দুটি নিশ্চিত গোল বাঁচিয়েছেন। এই ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে কলম্বিয়া, ১ পয়েন্ট কম নিয়ে পাঁচে চিলি। ফিফাডটকম, এএফপি।
পয়েন্টের হিসাব করলে উরুগুয়ের জয়টা ছিল গুরুত্বপূর্ণ। ১২ মিনিটে উরুগুয়ের সেবাস্তিয়ান কোয়াতেসের গোলটি প্রথমার্ধেই শোধ করেন ইকুয়েডরের ফেলিপে কেইসেদো। তবে প্রায় সঙ্গে সঙ্গেই জবাব দেয় উরুগুয়ে, বিরতির আগেই ডিয়েগো রোলানের গোলে ছিনিয়ে নেয় জয়। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে সুয়ারেজরা, চারে থাকা ইকুয়েডরের পয়েন্ট ১৭।
এক নজরে
কলম্বিয়া ০: ০ চিলি
উরুগুয়ে ২: ১ ইকুয়েডর
ভেনেজুয়েলা ৫: ০ বলিভিয়া
প্যারাগুয়ে ১: ৪ পেরু
* প্রথমে স্বাগতিক দল