ফ্রাঙ্কফুর্টে চেনা জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুলারের প্রথম গোল, উদ্‌যাপনে সঙ্গী গোটশে। পরে গোটশে নিজেও জোড়া গোল করে জার্মানিকে এনে দিয়েছেন স্বস্তির এক জয়। পরশু পোল্যান্ডের বিপক্ষে l এএফপি
মুলারের প্রথম গোল, উদ্‌যাপনে সঙ্গী গোটশে। পরে গোটশে নিজেও জোড়া গোল করে জার্মানিকে এনে দিয়েছেন স্বস্তির এক জয়। পরশু পোল্যান্ডের বিপক্ষে l এএফপি

ম্যাচের আগে একটা ‘প্রতিশোধ-প্রতিশোধ’ আবহ ভেসে বেড়াচ্ছিল। আগের দেখায় হারের বদলা নেওয়াই তো শুধু নয়, জার্মানির স্বরূপে ফেরার বার্তাটাও দেওয়ার ছিল সবাইকে। নিজেদের মাঠে পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেটা তারা ভালোমতোই দিল। ‘ডি’ গ্রুপে জার্মানি এখন সবার ওপরে, আগামীকাল স্কটল্যান্ডের সঙ্গে জিতলে ইউরোর চূড়ান্ত পর্ব প্রায় নিশ্চিত হয়ে যাবে।
শুরু থেকেই শরীরী ভাষায় তো বটেই, খেলাতেও ইঙ্গিত ছিল এই ম্যাচটা জার্মানি বিপুল বিক্রমেই জিততে চায়। ফ্রাঙ্কফুর্টে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে মাত্র ১২ মিনিট। টমাস মুলারের দেওয়া এই গোলেই তাদের জয়ের সুবাস ছড়িয়ে পড়ে! অবাক হচ্ছেন? হওয়ারই কথা। এখন পর্যন্ত জার্মানির হয়ে যে ২১টি ম্যাচে মুলার গোল করেছেন তার একটিতেও হারেনি জার্মানি। জার্মানির বিশ্বকাপ-নায়ক মারিও গোটশের জোড়া গোলে ‘মুলার-ভাগ্যের’ ধারাটা শেষ পর্যন্ত বজায় থেকেছে। পোল্যান্ডের হয়ে একমাত্র গোলটা করেছেন রবার্ট লেভানডফস্কি। গোলদাতা তিনজনের মধ্যে কি একটা মিল পাচ্ছেন? তিনজনই কিন্তু বায়ার্ন মিউনিখের খেলোয়াড়।
তবে স্কোরলাইন আবার পুরো চিত্রটা ফুটিয়ে তুলতে পারছে না। জার্মানি একের পর এক আক্রমণ করেছে। কিন্তু পোল্যান্ড প্রতি-আক্রমণনির্ভর কৌশলে কয়েকবার গিয়েছিল গোলের কাছাকাছি। ম্যানুয়েল নয়্যার অন্তত দুবার গোল বাঁচিয়েছেন, গোটশে তো একবার লেভানডফস্কির হেড বাঁচিয়েছেন গোললাইন থেকে। ম্যাচ শেষে গোটশের সরল স্বীকারোক্তি, ‘ভাগ্য ভালো, ঠিক সময়ে আমি ঠিক জায়গায় ছিলাম। দিনটা আমাদের খারাপই যেতে পারত, আমার জন্য তো বটেই।’ বড় এই জয়ের পরও টনি ক্রুস দেখছেন নিজেদের উন্নতির জায়গা, ‘জয়টা আমাদের প্রাপ্যই ছিল, তবে পোল্যান্ডকে আমরা আক্রমণ করার সুযোগ করে দিয়েছি। আমাদের আরও উন্নতি করতে হবে।’
রক্ষণে কিছু ফাঁকফোকর থাকলেও জার্মানির আক্রমণ মনে করিয়ে দিয়েছে গত বিশ্বকাপকেই। তবে জার্মানির কোচ জোয়াকিম লো আপাতত জয়টাকেই দেখছেন বড় করে, ‘জয়ের জন্য আমাদের একটা গোলের দরকার ছিল, ওটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। সব মিলে আমরা খুশি, লম্বা একটা সময় ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে ছিল। পোল্যান্ডের সুযোগ এসেছে আমাদের কিছু ভুলের জন্যই।’
স্কটল্যান্ডের জন্যও নিজেদের মাঠে কালকের ম্যাচটা ছিল মহাগুরুত্বপূর্ণ। গতকাল জর্জিয়ার কাছে ম্যাচটি ১-০ গোলে হেরে স্কটরা গ্রুপের চারে নেমে গেছে। ইউরোর আশা বাঁচিয়ে রাখতে হলে জার্মানির সঙ্গে আগামীকাল গ্লাসগোতে জয় না হোক, অন্তত ড্র তাদের করতেই হবে। পরশু ফারো আইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর চূড়ান্ত পর্বে খেলার কাছাকাছি চলে গেছে উত্তর আয়ারল্যান্ড। হাঙ্গেরির সঙ্গে আগামীকালের ম্যাচ জিতলেই সেটি নিশ্চিত হয়ে যাবে। এএফপি।
এক নজরে
জর্জিয়া ১ : ০ স্কটল্যান্ড
জার্মানি ৩ : ১ পোল্যান্ড
জিব্রাল্টার ০ : ৪ আয়ারল্যান্ড
ফারো আইল্যান্ড ১ : ৩ উত্তর আয়ারল্যান্ড
গ্রিস ০ : ১ ফিনল্যান্ড
হাঙ্গেরি ০ : ০ রোমানিয়া
ডেনমার্ক ০ : ০ আলবেনিয়া
সার্বিয়া ২ : ০ আর্মেনিয়া
* প্রথমে স্বাগতিক দল