ফ্রান্স দলে পায়েট-কান্তেরা
লেস্টার সিটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের নেপথ্য রূপকারের তালিকায় মাহরেজের নৈপুণ্য আর জেমি ভার্ডির গোলের সঙ্গে থাকবে তাঁর দৌড়ও। ৯০ মিনিট জুড়ে সারা মাঠে এমনভাবে দৌড়াতে পারেন, এনগোলো কান্তেকে নিয়ে মজা করে একটা কথা বেশ চালুই হয়ে গেছে, ‘বিশ্বের চার ভাগের তিন ভাগ পানিতে ঢাকা, বাকিটুকুতে কান্তে একবার দৌড়ে এসেছেন।’ এমন একজন ‘ম্যারাথনার’কে ইউরোতে কীভাবে দলের বাইরে রাখে ফ্রান্স! দিদিয়ের দেশম সেই ভুল করেননি। জুনে নিজ দেশে শুরু হতে যাওয়া ইউরোতে ২৩ সদস্যের দলে মিডফিল্ডার কান্তেকে রেখেছেন ফ্রান্স কোচ।
কান্তের সঙ্গে ‘লে ব্লুজ’ দলে ডাক পেয়েছেন এই মৌসুমে প্রিমিয়ার লিগ মাতানো দিমিত্রি পায়েটও। এর বাইরে দলে লরিস, ভারানে, এভরা, পগবা, মাতুইদি, কাবাইরা সবাই-ই আছেন। ফরোয়ার্ড তালিকায় আছেন গ্রিজমান, মার্শিয়াল, জিরুরাও।
তবে চমক জাগিয়েছে মেক্সিকান লিগের দল তিগ্রেতে খেলা আন্দ্রে পিয়েরে জিনিয়াকের দলে আসা। নিষেধাজ্ঞার কারণে করিম বেনজেমা থাকবেন না, সেটা জানাই ছিল। কিন্তু দেশম উপেক্ষা করে গেছেন ফ্রেঞ্চ লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার আলেক্সান্দার ল্যাকাজেতে ও সেভিয়ার হয়ে ২৮ গোল করা কেভিন গামেইরোকেও। ডাকেননি এই মৌসুমে নিসের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো হাতেম বেন আরফাকেও। গোলডটকম।