সুইজারল্যান্ড কী ইউরো জিতবে?
প্রশ্ন শুনে অবাক হয়ে তাকানোই স্বাভাবিক। কিন্তু গত রাতে সুইসরা যা কাণ্ড ঘটিয়েছে, তাতে সুইসদের ইউরো জেতার সম্ভাবনাটা একটু হলেও বেড়েছে। ফর্মে থাকা বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে বিদায় যে তারাই করে দিয়েছে এবারের ইউরো থেকে! অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোলে সমতায় থাকার পর পেনাল্টি শুটআউটে ফরাসিদের বাড়ি পাঠিয়ে দিয়েছে সুইজারল্যান্ড।
ফুটবল দলের এই অর্জনে সুইস টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের আনন্দ হওয়াই স্বাভাবিক। যদিও এই আনন্দে ফেদেরার কোথাও কিছু বলেছেন কি না, জানা যায়নি। তবে ফেদেরার না বললেও, আরেক টেনিস তারকা অ্যান্ডি মারে যা বলেছেন, তাতে ফেদেরারকে ‘জ্যোতিষী’ ভেবে ভুল হওয়াই স্বাভাবিক। কিন্তু এমন কী বলেছেন ২০ গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা?
অফিশিয়াল লন টেনিস অ্যাসোসিয়েশনের (এলটিএ) টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আরও তিনজনের সঙ্গে অনুশীলনের ফাঁকে কী একটা কথা বলতে গিয়ে হেসে কুটিকুটি হয়ে যাচ্ছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে ও সুইস তারকা রজার ফেদেরার। ছবির ক্যাপশনে এলটিএ লিখেছে, ‘ভুল উত্তরটাই দিন। কী কারণে ফেদেরার ও মারে এভাবে হাসছেন?’
‘জবাব’ দিতে গিয়ে মারে লিখেছেন, ‘ফেদেরার বলেছে, এবারের ইউরো জিতবে সুইজারল্যান্ড!’
বলা বাহুল্য, ঠাট্টাচ্ছলেই কথাটা বলেছেন মারে। কিন্তু নিছক মজা করে বলা কথাটাই যে প্রায় সত্যি হয়ে গেল গতরাতে! হ্যাঁ, সুইজারল্যান্ড এখনো ইউরো জেতেনি ঠিকই, কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে বিদায় তো করে দিয়েছে, সেটাই বা কম কীসে! সে হিসেবে ফেদেরারকে ছোটখাটো ‘জ্যোতিষী’ বলা যেতেই পারে!
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড খেলবে স্পেনের বিপক্ষে। এখানেও যেন আরেকটা ফেদেরার-নাদাল দ্বৈরথের অপেক্ষা করবে বিশ্ব। নাদাল যে স্পেনের তারকা!