ফ্রান্স ম্যাচেই শেষ হবে আর্জেন্টিনার পথচলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>জার্মানির বিদায় আর নকআউট পর্বের বিশ্লেষণ করেছেন লোথার ম্যাথাউস। জার্মান কিংবদন্তির ভবিষ্যদ্বাণী, আজ ফ্রান্সের বিপক্ষে পারবে না আর্জেন্টিনা

গ্রুপ পর্ব শেষ। এখন সময় বিশ্বকাপের মধ্যবর্তী একটা মূল্যায়নের। আমার কাছে সত্যিকারের বড় চমক বলতে একটিই, যেটা অবশ্য শেষ পর্যন্ত তেমন চমকও মনে হয়নি। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি গ্রুপ পর্বেই বাদ পড়বে, সেটা টুর্নামেন্টের আগে আমি অবশ্যই আশা করিনি। কিন্তু প্রথম দুই ম্যাচের পর এটা আর চমক ছিল না, ছিল দুঃখজনক। ২০১৪ বিশ্বকাপে শিরোপাটা জার্মানির যতটা প্রাপ্য ছিল, ঠিক ততটাই প্রাপ্য এবার বাদ পড়া।

জার্মানির একজন খেলোয়াড়ও তার স্বাভাবিক ফর্মে ছিল না। প্রায় সবারই কিছু না কিছু সমস্যা ছিল; সেটা ক্লান্তি, বয়স, চোট বা আত্মবিশ্বাসের অভাব যা-ই হোক। জেরোম বোয়েটেং, টমাস মুলার, স্যামি খেদিরা বা মেসুত ওজিলের মতো যাদের দলের নেতা ভাবা হয়েছিল, তাদের ক্ষেত্রে কথাটা বেশি প্রযোজ্য। একজনই আছে যে প্রত্যাশা অনুযায়ী খেলেছে—গোলকিপার ম্যানুয়েল নয়্যার। এর বাইরে দলের কোনো কিছুই ঠিকঠাক ছিল না। সেটা রক্ষণে হোক বা আক্রমণে। দলীয় চেতনা বলতে কিছু ছিল না, উল্টো অনেক দুর্বলতা ছিল, মাঠের বাইরে অনেক বিতর্ক ছিল। ২০১৪ সালে শিরোপা জেতার জন্য যে একতা আর মনঃসংযোগ ছিল, এত কিছুর পর সেটা এবার আর সম্ভব ছিল না।

বয়সী, প্রতিষ্ঠিত খেলোয়াড়দের ওপরই বেশি ভরসা রেখেছেন জার্মানি কোচ জোয়াকিম লো। অথচ গত বছর কনফেডারেশনস কাপে যে তরুণ-নতুন প্রতিভারা প্রশংসা কুড়িয়েছে, এবার তেমন কাউকে (লো) তেমন সুযোগই দেননি। সে কারণে জার্মান দলটাতে তারুণ্য, গতি আর চমকে দেওয়ার মতো কিছু ছিল না। সর্বশেষ পাঁচ বিশ্ব চ্যাম্পিয়নদের চারটিই পরের বিশ্বকাপে গ্রুপ পর্বে ছিটকে পড়েছে, সেটির পেছনে অবশ্যই দায়টা ঢিলেমি আর প্রেরণার অভাবের।

লোর এখন নিজেকে কিছু কঠিন প্রশ্ন করা উচিত। পাশাপাশি সবকিছু ঝেড়ে ফেলে নতুন একটা দল গড়ার ইচ্ছা আর পরিকল্পনাও থাকতে হবে। বিশেষ করে যেহেতু দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের বয়স নিয়ে ভাবনা আছে। আগে তিনি দারুণ কাজ করেছেন, কিন্তু এখন পড়েছেন সত্যিকারের চাপে। এখন তিনি নিজে সরে গিয়ে অন্য কাউকে দায়িত্ব দিতে চাইলে আমি অবাক হব না।

জার্মানির কথা বাদ দিলেও গ্রুপ পর্বের খেলা থেকে পরিষ্কার, তথাকথিত ছোট দলগুলো উঠে এসেছে। বিশ্ব ফুটবলে শক্তির পার্থক্যটা আরও কমে গেছে। আমার কাছে ‘বি’ গ্রুপে স্পেন, পর্তুগাল বা ইরানের চেয়েও মরক্কোর খেলা ভালো লেগেছে। বড় দলগুলোর জন্য এই বিশ্বকাপটা একটা সতর্কবার্তা। সেটি এই যে, শুরু থেকেই সতর্ক থাকতে হবে। স্প্যানিশ বা জার্মানদের বল দখলে রেখে খেলার কৌশল যে এখন আর সাফল্য এনে দেয় না, এই বিশ্বকাপে সেটাও দেখা গেছে। খেলার ছন্দটা আরও দ্রুত বদলাতে হবে দলগুলোকে।

ম্যারাডোনাকে এভাবে দেখাটা খুব দুঃখজনক
ম্যারাডোনাকে এভাবে দেখাটা খুব দুঃখজনক

তবে আমি এটাও বিশ্বাস করি যে টুর্নামেন্ট যত গড়াবে, বড় দলগুলো আরও ভালো করবে। আমি এখনো কিছু হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশাই করছি, তবে ব্যক্তিগত দক্ষতা শেষ পর্যন্ত নির্ধারক হয়ে দাঁড়াবে। গ্রুপ পর্বে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া আর বেলজিয়াম...এই দলগুলো আমাকে মুগ্ধ করেছে। আর কিছুটা ব্রাজিল। দলটাতে ব্যক্তিগত ঝলক দেখানোর মতো দারুণ অনেক খেলোয়াড় আছে। বিশেষ করে নেইমার। তাই অন্যদের চটিয়ে পেনাল্টি আদায় করার চেষ্টা করা ওর উচিত হবে না, ফাউলের শিকার হলেই মাটিতে পাঁচ-ছয়বার গড়াগড়ি খাওয়াও উচিত হবে না। এই নাটুকেপনা বন্ধ করা উচিত ওর। যেটা ভক্তদের ওর বিরুদ্ধে নিয়ে যেতে পারে, রেফারিরাও ভবিষ্যতে ওর ওপর ফাউল হলেই সঙ্গে সঙ্গেই বাঁশি বাজাতে আগ্রহ হারিয়ে ফেলবে।

আর্জেন্টিনার ব্যাপারে আমি আমার আগের মতটাই ধরে রাখছি। শুধু লিওনেল মেসি অসাধারণ খেললেই এই দলটা শক্তিশালী। জাতীয় দলে ওর সাফল্য কম হওয়ার কারণও এটি। বার্সেলোনা সবকিছু যেমন অনেক মসৃণ, এখানে তা নয়। আমার মনে হয় না আর্জেন্টিনা খুব বেশি দূর যাবে, কারণ ওদের রক্ষণে সমন্বয় নিয়ে অনেক ঝামেলা আছে। আমার মনে হয় ফ্রান্স ম্যাচেই শেষ হবে আর্জেন্টিনার পথচলা। সাবেক দুই চ্যাম্পিয়ন মুখোমুখি হওয়ায় শেষ ষোলোর সবচেয়ে বড় ম্যাচও এটিই।

পর্তুগাল-উরুগুয়ে ম্যাচটা খুব আকর্ষণীয় হবে বলে মনে হচ্ছে আমার। টুর্নামেন্টের আগেই বলেছিলাম, উরুগুয়ে সেমিফাইনাল পর্যন্ত যাবে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগালকে নিয়ে আমার বড় সংশয় আছে। এখন পর্যন্ত ওদের ব্যাপারটা হচ্ছে, ক্রিস্টিয়ানো রোনালদো, নয়তো কিছুই নয়। যদি ওর খুব ভালো একটা দিন যায়, তাহলে ওরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারে। তবে উরুগুয়েই জিতবে বলে মনে হচ্ছে।

স্বাগতিক রাশিয়ার বিপক্ষে স্পেন, মেক্সিকোর বিপক্ষে ব্রাজিল, ডেনমার্কের বিপক্ষে ক্রোয়েশিয়া আর সুইডেনের বিপক্ষে সুইজারল্যান্ডকে নিয়েও একই কথা মনে হচ্ছে। যদিও ডেনিশ আর সুইডরা শারীরিকভাবে অনেক শক্তপোক্ত, মাঠেও অনেক গোছানো। কলম্বিয়ার দলটা অনেক শক্তিশালী, উরুগুয়ের মতো এই দলটা নিয়েও আমার অনেক উচ্চাশা। ইংল্যান্ডের বিপক্ষে ওদের ম্যাচটা দেখতে আকর্ষণীয় হবে। বেলজিয়ামের বিপক্ষে জাপান পরিষ্কারভাবেই অনেক পিছিয়ে। আমি আসলেই সেনেগাল বা নাইজেরিয়াকে শেষ ষোলোয় আশা করেছিলাম। দুটি দলই অল্পের জন্য বাদ পড়েছে। আর সেনেগালের ক্ষেত্রে তো ব্যাপারটা মাঠের ফলের কারণেও নয়, বরং ফেয়ার প্লের নিয়মে পিছিয়ে থাকায়। আফ্রিকানদের জন্য ব্যাপারটা বেশ খারাপ হলো।

গ্রুপ পর্বে অন্য যে বড় একটা ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে শেষ কথাটা বলছি। ডিয়েগো ম্যারাডোনা। ও প্রতিভা নিয়ে জন্মানো খেলোয়াড়, আশির দশকের শেষ দিক পর্যন্ত ফুটবলে সেরা মিডফিল্ডারও। ফুটবলার হিসেবে খেলাটার জন্য অনেক কিছু করেছে ও। কিন্তু বর্তমান অবস্থায় ওকে দেখাটা আমার কাছে এই বিশ্বকাপের দুটি দুঃখজনক অধ্যায়ের একটি। অন্যটি? বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির হতাশাজনক পারফরম্যান্স ও ব্যর্থতা।