ফ্রান্সই সবচেয়ে ভালো!
আগামী শুক্রবার রাতে পর্দা উঠছে ইউরোর। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। প্রস্তুতির নামে ক্রোয়েশিয়া পরশু অবশ্য একটু বাড়াবাড়িই করে ফেলল! পুঁচকে স্যান মেরিনোকে সামনে পেয়ে গোল-উৎসবে মেতে উঠল দলটি। প্রথম পাঁচ মিনিটেই ২ গোল, প্রথমার্ধ শেষে ৬ গোল। শেষ পর্যন্ত ১০ গোল করে থেমেছে পূর্ব ইউরোপের দেশটি। হ্যাটট্রিক করেছেন মারিও মানজুকিচ ও নিকোলা কালিনিচ।
হ্যাটট্রিক না পেলেও ইউরোর প্রস্তুতি ভালোভাবেই সেরেছেন ফ্রেঞ্চ স্ট্রাইকার অলিভিয়ের জিরু। তাঁর জোড়া গোলেই স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ফ্রান্স। ৮ ও ৩৫ মিনিটে তাঁর গোলের পর প্রথমার্ধের শেষ দিকে তৃতীয় গোলটি করেন জিরুরই আর্সেনাল-সতীর্থ লরাঁ কসিয়েলনি। দ্বিতীয়ার্ধে পুরো সময়টি নিজেদের নিয়ন্ত্রণে রেখেও আর গোল করতে পারেনি ফ্রান্স। তবে খেলায় তাদের এমনই আধিপত্য ছিল যে স্কটল্যান্ডের কোচ গর্ডন স্ট্রাচান সব ভুলে মেতে উঠলেন প্রতিপক্ষের প্রশংসায়, ‘ওদের (ফ্রান্স) চেয়েও যদি ভালো কোনো দল থাকে, তবে অসাধারণ একটি ইউরো দেখতে যাচ্ছি আমরা।’
স্ট্রাচানের কথা সত্য হবে কি না সেটি ভবিষ্যৎই বলে দেবে। তবে স্পেনের পর আরেকটি ডাবল (বিশ্বকাপ ও ইউরো) জয়ের স্বপ্ন দেখা জার্মানিও ফর্ম ফিরে পেয়েছে। গত রোববার স্লোভাকিয়ার কাছে ৩-১ গোলের পরাজয় ভুলে হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। পরশু গেলসেনকির্চেনে ৫৯ সেকেন্ডেই গোল পেতে পারত জার্মানি, কিন্তু জুলিয়ান ড্রেক্সলারের গোলটি অফসাইডের অজুহাতে বাতিল করা হয়। পরে দুই অর্ধের দুই গোলে হাসি নিয়েই মাঠ ছেড়েছে জার্মান বাহিনী। এএফপি, রয়টার্স।