ফ্রান্সের সামনেও 'স্বাগতিক-ঘাতক' জার্মানি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোমেজ নেই, গোলের জন্য মুলারই ভরসা জার্মানির। ছবি: উয়েফা।
গোমেজ নেই, গোলের জন্য মুলারই ভরসা জার্মানির। ছবি: উয়েফা।

ম্যাচটা ইউরোর সেমিফাইনাল। খেলবে ফ্রান্স ও জার্মানি। কিন্তু বাংলাদেশ সময় আজ রাত একটায় মার্শেইয়ের ম্যাচটাকে ঘিরে বারবার ব্রাজিলের নামটাও চলে আসছে!
অবাক হতেই পারেন, ইউরোর সঙ্গে ব্রাজিলের কি সম্পর্ক? আছে। ব্রাজিলের নাম আসছে জার্মানির কারণে। আজ মার্শেইয়ে স্বাগতিক ফ্রান্সের মুখোমুখি হবে জোয়াকিম লো-র দল। স্বাগতিক প্রসঙ্গেই আসছে ব্রাজিলের কথা। সর্বশেষ বিশ্বকাপেও স্বাগতিকদের সঙ্গে খেলতে হয়েছিল জার্মানিকে, সেমিফাইনালেই। ফল তো সবারই জানা, ১৯৫০ বিশ্বকাপের ‘ফাইনালে’ উরুগুয়ের কাছে হেরে যাওয়া সেই ‘মারাকানাজো’র পর ব্রাজিলের ফুটবলে দ্বিতীয় বড় দুঃখের গল্প হয়ে গেছে সেটি—মিনেইরাজো। ব্রাজিল ১:৭ জার্মানি!
আবারও কোনো বড় টুর্নামেন্টের সেমিফাইনাল, আবারও স্বাগতিকদের সামনে জার্মানি, এবারও তেমন কিছুই হবে? তেমন স্কোরলাইন আশা করা বাড়াবাড়ি, তবে জার্মানি কোচ লোর মনেও যেন একটু দোলা দিয়ে গেছে ব্রাজিল অভিজ্ঞতা, ‘ফ্রান্সকে ঘিরে এই উৎসব উৎসব ভাবের মধ্যে এটাই আমাদের প্রেরণা। ব্রাজিলেও সেমিফাইনালে একই অবস্থা ছিল, ২০ কোটি মানুষ ওদের সমর্থনে ছিল। কিন্তু আমরা ভালোই করেছি ওদের বিপক্ষে। তখন করেছি, এবারও ভালো করব।’

ভালো করলেই তারা উঠে যাবে রোববারের ফাইনালে, যেখানে অপেক্ষা করছে পর্তুগাল।
শিরোপার এত কাছে এসে লো এমন আত্মবিশ্বাসী হতেই পারেন। ব্রাজিলকে বিদায় করে দেওয়া ছিল জার্মানির ফুটবল ইতিহাসে সপ্তমবারের কোনো বিশ্বকাপ বা ইউরোর মতো বড় টুর্নামেন্টে স্বাগতিক দলকে বিদায় করে দেওয়ার ঘটনা। তার মধ্যে ছয়বারই সেমিফাইনালে! আজও ‘স্বাগতিক-ঘাতক’ হয়ে দেখা দেবে জার্মানি?
অবশ্য এত ইতিহাসের প্রভাব মাঠে কতটা পড়বে, দেখার বিষয়। ইউরোর আগে থেকেই শিরোপার সবচেয়ে বড় দুই দাবিদার হিসেবে উঠে আসছিল এই দুই দলের নাম। সেই দুটি দলের কোনো একটিকে আজ ফাইনালের আগেই থেমে যেতে হবে। কে হবে সেটি?
লড়াইয়ের আগে দুই দলের আত্মবিশ্বাস অবশ্য দুই রকম। কোয়ার্টার ফাইনালে ইউরোর বড় চমক আইসল্যান্ডকে ৫-২ গোলে হারিয়ে ফ্রান্স আছে ফুরফুরে মেজাজে। আঁতোয়ান গ্রিজমান, অলিভিয়ের জিরু, দিমিত্রি পায়েত—সর্বোচ্চ গোলদাতার তালিকায় সেরা চারের তিনজনই ফ্রান্সের। অন্যদিকে জার্মানির কোনো খেলোয়াড়ই নেই সেরা দশে।
কোয়ার্টার ফাইনালে ইতালির সঙ্গে ১৮ শটের ‘মহাকাব্যিক’ টাইব্রেকারে জয়ের পর জার্মানি কোচও তাই গুরুত্ব দিচ্ছেন গোল করার ক্ষমতার ওপর, ‘দুটি দলই চোখে চোখ রেখে লড়াই করার মতো। দুই দলই আক্রমণ করতে পছন্দ করে। শেষ পর্যন্ত গোলমুখে কে কত বেশি কার্যকর, সেটিই ঠিক করে দেবে ম্যাচের ফল।’
জার্মান কোচের জন্য দুঃসংবাদ, এখন পর্যন্ত ইউরোতে দলের সেরা গোলদাতা মারিও গোমেজকে চোটের কারণে পাচ্ছেন না। আজ তাই গোল করার মূল দায়িত্বটা পড়তে পারে টমাস মুলারের ওপর। কিছুটা অবিশ্বাস্যই বটে, দুই বিশ্বকাপে ১০ গোল করা এই জার্মান মিডফিল্ডার দুটি ইউরো খেলেও এখনো কোনো গোল পাননি। চোট নামতে দেবে না মিডফিল্ডার স্যামি খেদিরাকেও, অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে নেই ডিফেন্ডার ম্যাটস হামেলস।
তবে তাতেও জার্মানির শক্তি একটুও কমবে বলে মনে হচ্ছে না ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের, ‘জার্মানি জার্মানিই। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, ইউরোপেও সেরাদের একটি।’ তবে নিজেরাও কোনো ছাড় দেবেন না বলে জানিয়ে দিলেন দেশম, ‘ইতালির বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ছাড়া বাকি সব ম্যাচেই দাপট দেখিয়েছে ওরা। তবে এই ম্যাচটা ওদের জন্য সহজ হবে না। আমরা সবটুকু নিয়েই ঝাঁপিয়ে পড়ব। আমরা ফ্রান্সে খেলছি, নিজেদের দেশে। আমাদের এই বিশ্বাসটা আছে, যেকোনো কিছুই সম্ভব।’
১৯৮৪ ইউরো ও ১৯৯৮ বিশ্বকাপের মতো ঘরের মাটিতে (দেশের বাইরে শুধু বেলজিয়াম-হল্যান্ডে অনুষ্ঠিত ২০০০ ইউরো জিতেছে ফ্রান্স) আরও একবার শিরোপার উচ্ছ্বাসের স্বপ্নে বিভোর ফ্রান্স। অন্যদিকে স্বাগতিকদের কাঁদানোর ইতিহাস জার্মানিদের পক্ষে। দেখা যাক, এবার হাসিটা কার মুখে ফোটে? সূত্র: উয়েফা, বিবিসি।