ফ্রি কিকে দিবালার এমন গোল!
বক্সের একটু বাইরে ফ্রি কিক নিতে প্রস্তুত পাওলো দিবালা। আর গোলপোস্টে দাঁড়িয়ে আর্জেন্টিনার লাগুনা লারগা শহরের কোনো এক নাম না জানা দলের ততোধিক অচেনা গোলকিপার। এ কি আর সমানে সমানে টক্কর হয়?
মোটেই না। তবে তাতেও ভয় কী, ওই ক্লাবটা যে দৃশ্যত ‘বিশে মিলি করি কাজ’ নীতিতে বিশ্বাসী। গোলকিপারের একা দিবালার ফ্রি কিক ঠেকাতে পারার সম্ভাবনা প্রায় শূন্য? সমস্যা কী, পুরো দলই এসে দাঁড়িয়ে গেল গোলপোস্টে। তাতেও কম পড়ে গেছে? দর্শকেরা আছেন না! ফুটবলের নিয়ম-কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পোস্টে নেমে এলেন আট-নয়জন ‘স্বেচ্ছাসেবক’। কেউ সটান দাঁড়িয়ে, গোলকিপার তো গোলপোস্ট ধরে ঝুলেই পড়লেন। যেন চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা—দুনিয়া উল্টে যাবে, তবু দিবালাকে গোল করতে দেওয়া যাবে না!
বিধিবাম! এত দলীয় ঐক্য, যূথবদ্ধ প্রতিজ্ঞা সব মাঠে মারা গেল। বাঁ পায়ের বাঁকানো শটে পোস্টের কোণ ঘেঁষে বল ঠিকই জালে জড়িয়ে দিলেন দিবালা।
লাগুনা লারগার ক্লাবটির খেলোয়াড়-দর্শকদের চেষ্টা যতই ‘ভুল’ বোঝানোর চেষ্টা করুক, এতক্ষণে তো বুঝতেই পারছেন, দিবালার এমন কীর্তি কোনো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নিশ্চয়ই নয়। ক্লাব মৌসুমের বিরতিতে জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড গেছেন নিজের বাড়িতে, সেখানেই একটি প্রদর্শনী ম্যাচে ২০ জনকে ফাঁকি দিয়ে করেছেন এমন গোল। যেটি আবার ছড়িয়েও পড়েছে টুইটারে। গোলডটকম।
লিওনেল মেসি একটু শঙ্কায়ই পড়তে পারেন। আর্জেন্টিনা দলে ফ্রি কিকে তাঁর ‘একচ্ছত্র আধিপত্য’ হুমকির মুখে পড়ল বলে!