ফ্রি-কিকের মেসি, মেসির ফ্রি-কিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির গোল উদ্‌যাপন l ফক্স স্পোর্টস
মেসির গোল উদ্‌যাপন l ফক্স স্পোর্টস

বার্সেলোনার সৌভাগ্য তাদের একজন লিওনেল মেসি আছে। সবকিছু যেখানে থমকে যাবে, সেখান থেকেই শুরু হবে তাঁর জাদু। অভাবনীয় কিছু করে দলকে দেখাবেন আলোর পথ। বার্সার ত্রাতা মানেই এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। সর্বশেষ বার্সার ত্রাতা হলেন অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে কোপা ডেল রের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে।

বিলবাওয়ের মাঠ থেকে প্রথম লেগে ২-১ গোলে হেরে এসেছিল বার্সা। এটি প্রত্যাশিতই ছিল যে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ঘুরে দাঁড়াবে মেসির দল। ৪৮ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় বার্সা। কিন্তু একটি গোল শোধ করে দিয়ে লুইস এনরিকের দলকে ভাবনায় ফেলে বিলবাও। ২০ গজ দূর থেকে জাদুকরি বাঁ পায়ের অসাধারণ এক ফ্রি-কিকে দুশ্চিন্তা দূর করেন মেসি। ৩-১ গোলে জিতে শেষ আটে ওঠে বার্সা। সবশেষ সাত ম্যাচে ফ্রি-কিক থেকে পঞ্চম গোল পেলেন মেসি। নতুন বছরে বার্সার হয়ে তিনটি গোল করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। তিনটিই ফ্রি-কিকে।

ফ্রি-কিক থেকে বার্সার হয়ে সর্বোচ্চ ২৬ গোলের রেকর্ড এত দিন ছিল রোনাল্ড কোম্যানের। তাঁকে ছুঁয়ে ফেলার পর মেসিকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন এভারটনের বর্তমান কোচ। চলতি মৌসুমের শুরু থেকেই মেসি আছেন স্বরূপে। তবে ‘এমএসএন’ ত্রয়ীর অন্য দুই সদস্য লুইস সুয়ারেজ ও নেইমার অনেক দিন ধরেই ছিলেন নিষ্প্রভ। কোচ এনরিকের মুখে হাসি ফুটিয়ে নিজেদের ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন তাঁরা দুজন।

গত পরশু পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলটি করেন নেইমার। বার্সার হয়ে ১ হাজার ৩৮ মিনিট পর গোল পেলেন ব্রাজিল তারকা। সুয়ারেজের করা দলের প্রথম গোলটিও আসে তাঁরই ক্রস থেকে। বার্সার হয়ে ১২০ ম্যাচ খেলে শততম গোল পেলেন সুয়ারেজ। তাঁর চেয়ে কম ম্যাচ খেলে বার্সার হয়ে এই মাইলফলকে পৌঁছেছেন শুধু দুজন—মারিয়ানো মার্টিন (৯৯ ম্যাচ) ও লাজলো কুবালা (১০৩ ম্যাচ)। সুয়ারেজের মাইলফলকের রাতে গোলের ট্রিপল সেঞ্চুরি (৩০২টি) হয়েছে এমএসএনের। রয়টার্স, মার্কা।