ফ্র্যাঞ্চাইজি ফুটবল নিয়ে তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘর থেকে একটু পরপরই বাইরে এসে উঁকি দিচ্ছিলেন কাজী সালাউদ্দিন। অপেক্ষায় ছিলেন ভারতীয় প্রতিষ্ঠান সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের (সিএমজি) নির্বাহী পরিচালক ভাস্বর গোস্বামীর। হাতে একটি লাগেজ নিয়ে ভাস্বর কাল দুপুরে বিমানবন্দর থেকে সোজা উঠলেন গুলশানে বাফুফে সভাপতির বাসভবনে।
সেখানে আগে থেকেই ছিলেন চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান ও সাইফ পাওয়ার টেকের প্রধান তরফদার রুহুল আমিন। তাঁর সঙ্গে ভাস্বর গোস্বামী ও কাজী সালাউদ্দিনের আধ ঘণ্টার সভার পর এল বড় এক ঘোষণা, বাংলাদেশে বসছে ফ্র্যাঞ্চাইজি ফুটবল আসর। অনেকটা ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) আদলে হবে বাংলাদেশ সুপার লিগ। আগামী পাঁচটি টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ১০০ কোটি টাকা! আগামী নভেম্বর নাগাদ শুরু হতে পারে এটি। এক মাসের মধ্যেই এ ব্যাপারে বিস্তারিত জানাবে বাফুফে।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ইউকে সকার লিগ বাংলাদেশের প্রিমিয়ার ফুটবল লিগের স্বত্ব কেনার চেষ্টা করছিল। তারও আগে সিএমজি বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ চালুর প্রস্তাব নিয়ে এসেছিল গত বছর। কিন্তু তারা এককভাবে পরিকল্পনটা এগিয়ে নিতে পারেনি। এখন অংশীদার পাওয়ার পরই উদ্যোগটা গতি পেল।
বাফুফে সভাপতি জানালেন, ইউকে সকার লিগ, সাইফ পাওয়ার টেক, সিএমজি ও বাফুফের যৌথ আয়োজনে হবে ফ্র্যাঞ্চাইজি ফুটবল। ঢাকা ও ঢাকার বাইরের অঞ্চলভিত্তিক আটটি দল থাকবে। ঢাকা ছাড়াও সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীতে খেলা হবে। ভেন্যু আরও বাড়ানোর চিন্তাভাবনা আছে আয়োজকদের।
এর আগে সিএমজির কর্মকর্তা ভাস্বর বলেছিলেন, ম্যারাডোনাকে যুক্ত করা হয়েছে বিসিএলের সঙ্গে, টুর্নামেন্টের চেয়ারম্যান হবেন আর্জেন্টাইন কিংবদন্তি। কালও বললেন একই কথা, ‘ম্যারাডোনা এখনো আমাদের সঙ্গেই আছেন। তিনি যে এখানে আসবেন, সেটির লিখিত অনুমতিও আমাদের কাছে আছে।’ শুধু তা-ই নয়, বিশ্বের বড় ক্লাবগুলোকেও ফ্র্যাঞ্চাইজির অংশীদার করার পরিকল্পনার কথা জানালেন ভাস্বর, ‘ইউরোপ ও লাতিন আমেরিকার অন্তত পাঁচটি ক্লাব অংশীদার হওয়ার নিশ্চয়তা দিয়েছে। এ তালিকায় আছে ফ্রান্সের অলিম্পিক লিঁও, আর্জেন্টিনার বোকা জুনিয়র্স, ব্রাজিলের ফ্ল্যামিঙ্গো, উরুগুয়ের নাসিওনাল ক্লাব।’
গত বছর লিগ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এরপর আর এগোতে পারলেন না কেন? ভাস্বর সামনে আনলেন কিছু সমস্যা, ‘শুধু ভারত থেকে আমাদের একার পক্ষে এটা করা সম্ভব ছিল না। বাফুফেকে বিষয়টি জানিয়েছিলাম। এখন আমরা খুশি যে বাংলাদেশের ফেডারেশন কিছু অংশীদার খুঁজে পেয়েছে।’
খুশি সালাউদ্দিনও, ‘আমরা অনেক দিন থেকেই এমন একটা কিছু করার আশা করছিলাম। আজ একটা সিদ্ধান্তে পৌঁছেছি।’ এই লিগটি বাফুফের বর্ষপঞ্জির অংশ হয়ে যাবে এবার। সুপার কাপটা তাই ছেঁটে ফেলা হচ্ছে বর্ষপঞ্জি থেকে। যদিও বর্ষপঞ্জিতে থাকলেও সাম্প্রতিক বছরে টুর্নামেন্টটি ঢুকে গেছে হিমাগারে।