ফ্র্যাঞ্চাইজি ফুটবল নিয়ে তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতে ধারণাটা তেমন গ্রহণযোগ্যতা পায়নি। এ নিয়ে এখনো ফুটবলাঙ্গনে রয়েছে বিস্তর সংশয়। কারণ বাংলাদেশের মতো দেশে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল লিগ চালু করার মতো পরিস্থিতি বাস্তবে সেভাবে নেই। ভারত পেরেছে তাদের অবকাঠামো এবং বিরাট বাজারের কল্যাণে। বাংলাদেশে এর কোনোটিই পূর্ণাঙ্গভাবে না থাকায় ফ্র্যাঞ্চাইজি ফুটবলের কথা শুনে এখনো অনেকে এটি অবাস্তব চিন্তা বলে উড়িয়ে দেন।
কিন্তু যে যা-ই বলুন, ফ্র্যাঞ্চাইজি ফুটবল নিয়ে কর্মকর্তারা মাঠে মেনে পড়েছেন জোরেশোরেই। সম্প্রতি বাফুফের কাছ থেকে ১৫ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি ফুটবলের স্বত্ব কিনে নিয়েছে দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক। বেশ কম মূল্যেই। প্রথম বছর বাফুফে পেতে পারে ২ কোটি টাকার মতো। এভাবে চলবে বছর পাঁচেক। টাকার চেয়ে বাফুফের নীতিনির্ধারকেরা অবশ্য চান বাংলাদেশ সুপার লিগ নামের টুর্নামেন্টটা হোক, সারা দেশে ফুটবলের ঢেউ ছড়িয়ে পড়ুক।
তারই অংশ হিসেবে ভেন্যু বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। লিগে ৮টি বিভাগীয় দল থাকবে। ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী স্টেডিয়াম এরই মধ্যে হেলিকপ্টারে অনেক টাকার তেল পুড়িয়ে এক দিনেই দেখে এসেছেন লিগের মূল উদ্যোক্তা তরফদার রুহুল আমিন। টাকা তাঁর কাছে নাকি কোনো সমস্যা নয়! তাই এই আয়োজনও সফল হবে বলে আশাবাদী হালে ফুটবল অঙ্গনে আলোচিত সাইফ পাওয়ার টেকের কর্ণধার, ‘এটা ঠিক, অনেকে মনে করেন বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ করা হয়তো সম্ভব নয়। তবে আমরা মনে করি সম্ভব। এবং সেটা বাস্তবে সবাইকে করে দেখাতে চাই।’
ভেন্যু দর্শনে ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের কর্মকর্তারা ছিলেন তাঁর সঙ্গে। সেই দলের সদস্য বাফুফের সহসভাপতি বাদল রায় এই লিগ নিয়ে সামনে তাকাতে চান, ‘রাজশাহী স্টেডিয়ামটা মোটামুটি তৈরিই থাকায় খুব একটা সমস্যা নেই। তবে ময়মনসিংহ, রংপুরে অনেক কাজ করতে হবে। আশার কথা, সরকারের তরফ থেকে এগুলো করে দেওয়ার আশ্বাস মিলেছে।’
কয়েক দিনের মধ্যে বরিশাল-খুলনায় যাওয়ার কথা প্রতিনিধিদলের। তবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ভেন্যু দেখার প্রয়োজন নেই, এগুলো সব ঠিকঠাকই আছে। ভেন্যু দর্শনের পর লিগের প্রথম বড় কাজটা হবে ২৮ ফেব্রুয়ারি, বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ওই দিন বাংলাদেশ সুপার লিগের লোগো উন্মোচন করা হবে বিকেল সাড়ে ৫টায়, ঘণ্টা খানেকের জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে।
মার্চে ‘করপোরেট নাইট’ আয়োজনের তোড়জোড়ও চলছে ভেতরে ভেতরে। দেশের ধনাঢ্য ব্যবসায়ীদের নিয়ে এই আয়োজনে বোঝানো হবে কেন এই লিগ এবং এতে বিনিয়োগে কেমন লাভ হবে। আয়োজকদের আশা, ভালো সাড়া মিলবে এবং আটটি ফ্র্যাঞ্চাইজি বিক্রি করতে তেমন ঘাম ঝরাতে হবে না। এ নিয়ে যাবতীয় কাজ করছে সিএমজি অর্থাৎ কলকাতাভিত্তিক সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ।
লিগের শুভেচ্ছাদূত করার জন্য বিশ্ব তারকাদের সঙ্গে কথাবার্তা চলছে। ব্রাজিলের রোনালদো নাকি ৩ মিলিয়ন ডলার চেয়েছেন, রোনালদিনহো একটু কম। তবে এঁদের ছাপিয়ে ডিয়েগো ম্যারাডোনারই দূত হওয়ার সম্ভাবনা নাকি বেশি। এক কর্মকর্তার ভাষায়, ‘ম্যারাডোনা টাকা কম চেয়েছেন।’ ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে প্রথম প্রস্তাবটা নিয়ে সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ বলেছিল এই লিগের দূত হবেন আর্জেন্টাইন কিংবদন্তি। তারা এখনো সেটাই বলে যাচ্ছে। তবে তরফদার রুহুল আমিনের কথাটা ভিন্ন, ‘অনেকের সঙ্গেই কথা চলছে। এখনো কিছুই ঠিক হয়নি। ম্যারাডোনাকে আনতে পারলে তো খুবই ভালো। তবে চূড়ান্ত কিছুর জন্য অপেক্ষা করতে হবে।’
খেলোয়াড় আনা, বিশ্বের নামীদামি ক্লাবগুলোকে এর সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টাও চলছে। এগুলোও করছে সিএমজি। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগের পালে একটা হাওয়া তো বইছেই। কিন্তু টেনেটুনে তিন-চারটি ফ্র্যাঞ্চাইজি দল গড়ার পর সেভাবে পছন্দের স্থানীয় খেলোয়াড় আর পাবে না সেটা আগেই বলে দেওয়া যায়। এমন আয়োজন সফল করার মতো পর্যাপ্ত খেলোয়াড় দেশে নেই।


চলছে ভেন্যু পরিদর্শন

২৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে লোগো উন্মোচন
মার্চে ‘করপোরেট নাইট’
ম্যারাডোনা, রোনালদো ও রোনালদিনহোর সঙ্গে চলছে যোগাযোগ