ফ্র্যাঞ্চাইজি লিগে ফ্ল্যামেঙ্গো?
বাংলাদেশে প্রস্তাবিত ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ আবার আলোচনায়। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে এ নিয়ে কথা বলতে কাল আবার ঢাকা এসেছেন কলকাতাভিত্তিক ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের নির্বাহী পরিচালক ভাস্বর গোস্বামী। কদিন আগে বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন তিনিই। এবার এসেছেন বাফুফের আনুষ্ঠানিক সম্মতি পাওয়ার লক্ষ্যে।
ভাস্বর জানালেন, বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ারম্যান হতে আগেই মৌখিক সম্মতি দেওয়া ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে এ সংক্রান্ত আনুষ্ঠানিকতাও শেষ। লিগের আট দলের সঙ্গে যে আটটি বিদেশি দল থাকবে তার একটা দল নাকি ঠিকও হয়ে গেছে। এই কর্মকর্তার কথা, ‘ম্যারাডোনা স্বয়ং ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্ল্যামেঙ্গো সভাপতির সঙ্গে কথা বলে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে ফ্ল্যামেঙ্গোর সংযুক্তি নিশ্চিত করেছেন। অন্যান্য দলের সঙ্গেও কথা চলছে। যার একটি ফ্রান্সের লিঁও। টুর্নামেন্টের নানা বিষয় নিয়ে এ মাসেই মাদ্রিদে ম্যারাডোনার উপস্থিতিতে সভা হবে।’
এ বছর নভেম্বরে খেলার সম্ভাব্য সময় ধরে এগোচ্ছেন উদ্যোক্তারা। ভারতে সম্প্রতি প্রথম ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ করা সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ যেভাবে বাংলাদেশেও এটি আয়োজনে আগ্রহ দেখাচ্ছে, তাতে বাফুফের পক্ষে ‘না’ বলা কঠিনই মনে হচ্ছে।