ফ্লাইট বাতিল হওয়ায় স্পিডবোটে লিভারপুল সমর্থকদের প্যারিস–যাত্রা
প্যারিসে যাওয়ার প্রস্তুতি তাঁদের ঠিকঠাকই নেওয়া ছিল। কিন্তু হঠাৎ করেই লিভারপুলের সমর্থকদের একটা অংশের মাথায় বাজ ভেঙে পড়ে। শেষ মুহূর্তে বাতিল হয়েছে তাঁদের প্যারিস যাওয়ার ইজিজেট ফ্লাইট। প্রথমে মাথায় বাজ ভেঙে পড়লেও একটু ভেবে একটা পন্থা তাঁরা বের করে ফেলেন। স্পিডবোট ভাড়া করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্যারিসযাত্রা শুরু করেন লিভারপুলের সমর্থকের একটা অংশ।
প্যাডি ও’টুল নামের একজন পাঁড় লিভারপুলের ভক্তের মাথা থেকেই পরিকল্পনাটি বের হয়। তাঁর সঙ্গে যোগ দেন আরও ১২ জন সমর্থক। এই ১২ জনের মধ্যে আছেন অ্যাডাম ও টম ড্রিং নামের দুজন। ইজিজেটের ফ্লাইট বাতিলের পর তাঁরা দুজন প্রথমে অন্য ফ্লাইট ধরার চেষ্টা করেন। কিন্তু সেটাতে সফল না হয়ে পারিবারিক বন্ধু ও’টুলের সঙ্গে যোগ দেন।
লিভারপুল ইকো পত্রিকাকে ও’টুল বলেছেন, ‘শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হয়েছে। তারা এসে বলল যে জার্সিতে একটা ফ্লাইট যাচ্ছে, আমরা সেখানে গিয়ে ফ্রান্সের উদ্দেশে রওনা হতে চাই কি না। আমাদের ভিন্ন কিছু তো করতেই হতো।’ জার্সি থেকে সহজেই তাঁরা একটি স্পিডবোট ভাড়া করে ফেলেন।
স্পিডবোটে করে প্রিয় দলের খেলা দেখতে যাওয়ার অভিযানটা যে তাঁদের মন্দ লাগেনি, সেটা বোঝা যায় স্পিডবোটে করে যাওয়ার সময় তাঁদের ধারণ করা ভিডিওর কথাবার্তা শুনে। ভিডিও ফুটেজে একজনকে বলতে শোনা যাচ্ছে, ‘ফ্রান্সে আসছি। অদ্ভুত এক ব্যাপার।’ প্যাডি এর সঙ্গে যোগ করেন, ‘আমরা সাগরে কিছু ডলফিন দেখেছি।’
ও’টুলেদের এই যাত্রার বিষয়টি জেনেছেন অনেকেই। কেউ তাঁদের জন্য শুভকামনা জানিয়েছেন, কেউ আবার দলের জন্য তাঁদের এই সাহসী যাত্রার প্রশংসাও করেছেন। ফ্রান্স থেকে ও’টুলের এক বন্ধু লা মুরিয়ের টুইট করেছেন, ‘আমরা আনন্দিত যে তোমরা তোমাদের যাত্রাটা উপভোগ করেছ। শুভকামনা রইল।’
আরেকজন সমর্থকের টুইট ছিল এ রকম, ‘বিশ্বের সেরা সমর্থক এরা। নিজেদের দলের খেলা দেখার জন্য যেকোনো কিছু করতে পারে তারা।’ আরেকজন লিখেছেন, ‘তোমরা দুর্দান্ত একটি কাজ করেছ। এ কারণেই তারা সব সময় বলে, যেখানেই তাদের ম্যাচ হোক না কেন, তারা সেখানেই থাকবে।’