
নেপালে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে একটিও হলুদ কার্ড দেখেনি বাংলাদেশের কোনো খেলোয়াড়। তাই টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফিটা বাংলাদেশই পেয়েছে। তবে বলার মতো তথ্য, ৪ ম্যাচে বাংলাদেশের কিশোরদের ১৭ গোল করা!
গ্রুপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০, ভুটানের বিপক্ষে ৩-০। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়া। সেমিতে গোটা তিনেক হাস্যকর গোল খেয়েও নেপালের কাছে ৪-২ গোলে হার।
ফাইনালে যেতে না পারলেও টুর্নামেন্টের গোল্ডেন বুটজয়ী বাংলাদেশের ফয়সাল। শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিকে শুরু, নেপাল ম্যাচে দুটি ও ভুটানের সঙ্গে দুই ম্যাচে একটি করে গোল। চার ম্যাচে সর্বোচ্চ ৭ গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের দাবিও ছিল তার। ওই পুরস্কারটা পেয়েছে ভারতের অধিনায়ক।
টুর্নামেন্টের আয়নায় দেখলে অবশ্য অনেক ভালো কিছুই পাবে বাংলাদেশ। ভুটানের কাছে জাতীয় দলের হারের ‘নির্মম’ বদলা নিয়েছে। এখন দায়িত্ব বাফুফে আর ক্লাবের। কাঠমান্ডু থেকে কাল বিকেলে ঢাকায় নেমে বিমানে বসেই কোচ পারভেজ বাবু মুঠোফোনে বলছিলেন, ‘আমি শুনেছি, এই ছেলেদের নিয়ে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণের পরিকল্পনা করছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি।’
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাফের সভা উপলক্ষে কাঠমান্ডু গিয়ে খেলা দেখেছেন। কিশোরদের খেলা তাঁর ভালো লেগেছে। পারভেজ বাবু বলেন, ‘সবাই আমাদের প্রশংসা করেছে। সালাউদ্দিন ভাই বলেছেন, “তোমরা প্রস্তুত থাকো। তোমাদের নিয়ে চার বছরের একটা পরিকল্পনা আমরা হাতে নিচ্ছি।”’
পরিকল্পনা আগেও করা হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। ভারত-নেপালসহ অন্যরা নিজস্ব একাডেমিতে খেলোয়াড় তৈরি করছে, বাফুফে তা পারছে না। এই যুগেও বাংলাদেশে কোনো একাডেমিই নেই! এর আগে প্রতিশ্রুতি দিয়েও ২০১৫ অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়ন দলকে ধরে রাখতে পারেনি বাফুফে। ওই দলের ছেলেরা চোরাবালিতে হারিয়ে গেছে অবহেলায় আর উদাসীনতায়।
ক্লাবেরও এখানে দায়িত্ব আছে। ২০১৫ অনূর্ধ্ব-১৬ সাফজয়ী কিশোর দলটির স্ট্রাইকার নিপুকে শেখ জামাল এবং সাদকে আবাহনী নিয়েছিল। সাদ এখন আবাহনীতে প্রায় নিয়মিত খেলছে। বাকি ক্লাবগুলো একজন করে কিশোরের দায়িত্ব নিলে এরা উঠে আসতে পারত।
জাতীয় দল খাবি খেলেও বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ ভালো করছে। ফয়সালদের এখন খুব দরকার পরিচর্যা। নেপাল মাতিয়ে আসা ফয়সাল কাল ঢাকায় নেমেই বলল, ‘আমরা সারা বছর প্র্যাকটিস করতে পারলেই খুশি হব। সালাউদ্দিন স্যার বলেছেন, আমাদের খেলা ওনার ভালো লাগছে। বলেছেন, তোমরা এএফসি কাপ খেলে আসো, এরপর পরিকল্পনা দেব।’
কাতারে আগামী মাসে এএফসি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের প্রস্তুতি শুরু হবে ঈদের পর।