প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ প্রায় শেষ, নিশ্চিত পরাজয় দেখছে ওল্ড ট্রাফোর্ড। সেই সময় যদি গোল করে দলকে সমতায় ফেরানো যায়, সেটির উদ্যাপন বাঁধভাঙা হওয়াই স্বাভাবিক। প্রতিপক্ষ দলটা চেলসি হলে তো কথাই নেই। রবিন ফন পার্সি পরশু গোলটা করেই পাগলপারা হয়ে দৌড় দিলেন। সেখানেই থেমে যাওয়া উচিত ছিল, কিন্তু আবেগের আতিশয্যে খুলে ফেললেন জার্সি। সে জন্য দেখতে হয়েছে হলুদ কার্ডও। তাই ম্যাচ শেষে কোথায় ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুই ফন গালের প্রশংসা পাবেন, উল্টো বকুনি শুনতে হলো ফন পার্সিকে, ‘গোলের পর তুমি এ রকম নির্বোধের মতো কিছু করতে পারো না। তুমি উত্তেজিত হতেই পারো, তাই বলে শার্ট তো আর খুলে ফেলতে পারো না। কাজটা বুদ্ধিমানের মতো কিছু হয়নি।’ ফন পার্সি মনে হয় না কথাগুলো শুনে খুব একটা রাগ করেছেন! গোলডটকম।