বঙ্গবন্ধু কাপ হঠাৎ পিছিয়ে ডিসেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর জানুয়ারিতে সর্বশেষ হয়েছিল বঙ্গবন্ধু গোল্ডকাপ। এবার হওয়ার কথা ছিল মার্চে। কিন্তু তা পিছিয়ে যায় এপ্রিলের শেষ সপ্তাহে। গতকাল বাফুফের জরুরি সভায় টুর্নামেন্টটি আট মাস পিছিয়ে ১৮-৩১ ডিসেম্বর আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
মজার ব্যাপার, কদিন আগেও বাফুফের শীর্ষ কর্মকর্তারা বলেছিলেন, বিদেশি দল পাওয়া কোনো সমস্যা নয়। স্পনসর পেলেই টুর্নামেন্টটি মাঠে গড়াবে। কিন্তু বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী কাল সভা শেষে বলেছেন উল্টো কথা, ‘স্পনসর আছে। কিন্তু আমাদের জাতীয় দল তৈরি নয়। তা ছাড়া আরও কিছু কারণে টুর্নামেন্টটি পেছানো হয়েছে।’
অথচ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নাকি সভায় এসেছিলেন এপ্রিলেই এটি আয়োজনের চিন্তা নিয়ে, ‘আমি চেয়েছি ২১ এপ্রিল টুর্নামেন্ট শুরু করতে। কিন্তু সবাই বলেছে, জাতীয় দল এখন প্রস্তুত নয়। অপ্রস্তুত হয়ে খেললে ফল খারাপ হতে পারে। তাই পেছানোর সিদ্ধান্ত।’
ডিসেম্বরে টুর্নামেন্ট হলে ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, নেপাল, কম্বোডিয়া, কিরগিজস্তান, উজবেকিস্তানের জাতীয় বা অনূর্ধ্ব-২৩ দল আসতে পারে। সঙ্গে থাকতে পারে বাংলাদেশের দুটি দল।