বঙ্গবন্ধু কাপেও কোচ মারুফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী সালাউদ্দিনের সঙ্গে বৈঠকে কোচ মারুফুল। ছবি: বদিউজ্জামান
কাজী সালাউদ্দিনের সঙ্গে বৈঠকে কোচ মারুফুল। ছবি: বদিউজ্জামান

সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্তই ছিল তাঁর দায়িত্বের মেয়াদ। টুর্নামেন্টে আফগানিস্তান ও মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের শোচনীয় হারের পর হতাশা থেকেই সেই দায়িত্ব আর দীর্ঘায়িত না করার কথা বলেছিলেন কোচ মারুফুল হক। আজ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আলোচনার পর আসন্ন বঙ্গবন্ধু কাপেও জাতীয় দল নিয়ে কাজ করার দায়িত্ব পেয়েছেন তিনি।


বাফুফের জরুরি ডাকে ত্রিবান্দ্রাম থেকে একটু আগেভাগেই ফিরে এসেছেন মারুফুল। বাফুফে ভবনে কাজী সালাউদ্দিনের সঙ্গে এক বৈঠকে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে টেকনিক্যাল বিষয়ে কথা বলেন। এ বৈঠকেই মারুফুলকে বঙ্গবন্ধু কাপে জাতীয় দলের কোচের দায়িত্ব দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়।

বৈঠক শেষে সংবাদমাধ্যমকে মারুফুল বলেন, ‘মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের হারটা ছিল খুবই দুঃখজনক।’ ম্যাচটিতে বাংলাদেশ হারে ৩-১ ব্যবধানে। ওই হারেই সাফ থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। হার বেশ পোড়াচ্ছে বাংলাদেশ কোচকে। মারুফুল পরাজয়গুলোর ব্যবচ্ছেদ করলেন এভাবে, ‘ম্যাচটিতে জয়ের জন্যই খেলেছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা ছিল যথেষ্ট কঠিন। এই ম্যাচে ইউরোপে খেলা বেশ কয়েকজন নতুন খেলোয়াড় খেলিয়েছে তারা। এদের সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না।’

গ্রুপ পর্বেই শেষ বাংলাদেশের সাফ-অধ্যায়। এমন ব্যর্থতায় কাল জাতির কাছে ক্ষমা চেয়েছেন কাজী সালাউদ্দিন। দেশবাসীর কাছে আজ ক্ষমা চাইলেন মারুফুলও।