বঙ্গবন্ধু কাপে চমকের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখে মৃদু হাসি নিয়ে অনুশীলনে যাচ্ছেন জাহিদ, মামুনুল ও এমিলি। বঙ্গবন্ধু কাপের আবাসিক প্রশিক্ষণ শিবিরে গোটা বাংলাদেশ দলটাই এখন এমন হাসি-খুশি, ফুরফুরে। কাল বিকেএসপিতে l শামসুল হক
মুখে মৃদু হাসি নিয়ে অনুশীলনে যাচ্ছেন জাহিদ, মামুনুল ও এমিলি। বঙ্গবন্ধু কাপের আবাসিক প্রশিক্ষণ শিবিরে গোটা বাংলাদেশ দলটাই এখন এমন হাসি-খুশি, ফুরফুরে। কাল বিকেএসপিতে l শামসুল হক

মামুনুল ইসলাম মাঠ ছাড়লেন সবার শেষে। ঘর্মাক্ত শরীরে তোয়ালে জড়ানো। তাঁর ছোট্ট একটি কথা মনে গেঁথে থাকল। জাতীয় দলের অধিনায়কের কণ্ঠ বেশ দৃঢ়, ‘দেখবেন বঙ্গবন্ধু কাপে একটা চমক আমরা দেব।’
বিকেএসপির এক নম্বর ফুটবল মাঠে তখন অন্ধকার নেমে এসেছে। পাশ দিয়ে সার বেঁধে যাচ্ছে বিকেএসপির ছাত্রছাত্রীরা। কারও হাতে ক্রিকেট ব্যাট, কারও ফুটবল, কারও বাস্কেটবল। ছায়াঘন নিবিড় পরিবেশটা আরও নির্জন। এখানেই একাগ্র চিত্তে চলছে দীর্ঘ কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু কাপের প্রস্তুতি।
দুই নম্বর মাঠের কথাও বলা উচিত। জাতীয় দলের সমান্তরালে এই মাঠে অনুশীলন করল শেখ রাসেল ক্রীড়াচক্র। দেশসেরা ফুটবলারদের এই মেলায় এক পাশে বসে নিজ দলের অনুশীলন দেখছিলেন দ্রাগান দুকানোভিচ। শেখ রাসেলের কোচ জাতীয় দলের অনুশীলনে চোখ রেখে এক ফাঁকে বললেন, ‘তোমাদের জাতীয় দলটাকে বেশ ফুরফুরে দেখাচ্ছে। আমার তো মনে হয় বঙ্গবন্ধু কাপে ওরা ভালো করবে।’
হ্যাঁ, বঙ্গবন্ধু কাপের জন্য আশার তরিই ভাসানো হয়েছে বিকেএসপিতে। সেটিকে ঠিকঠাক নোঙর করাতে দুই বেলা অনুশীলন, পরিকল্পনা তৈরি, নিজেরা ভাগ হয়ে ম্যাচ খেলা... বিশাল তোড়জোড়ই চলছে। এই যাত্রার সহযাত্রী স্ট্রাইকার এমিলি তাতে বেশ খুশি, ‘খুব ভালো প্রস্তুতি হচ্ছে। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বঙ্গবন্ধু কাপে ভালো না করার কারণ নেই। সবাই খুব সিরিয়াস।’
অভিন্ন সুরেই শেষ কথাটা বাজল সবার কণ্ঠে। মালয়েশিয়া, শ্রীলঙ্কা যারাই হোক প্রতিদ্বন্দ্বী, কম করেও সেমিফাইনালে ওঠার আশার গান নাসির-মিশুদের কণ্ঠে। এমনিতে টুকটাক কিছু সমস্যা থাকলেও ক্যাম্পে অভাব-অভিযোগ নিয়ে আগের মতো তেমন ফিসফিসানি নেই। মোটের ওপর খেলোয়াড়েরা হাসিখুশিই। আজ অনুশীলন বন্ধ থাকায় গত সন্ধ্যায় অনেকেই ছুটলেন ঢাকা। সবার মুখে অনুচ্চারে সেই প্রিয় গান, ‘আজ আমাদের ছুটি ও ভাই...।’
নৌকার অস্থায়ী নাবিক সাইফুল বারীকে এসব স্পর্শ করছে কমই। দল নিয়ে যুদ্ধের রণকৌশল তৈরিতে ব্যস্ত কোচ। খেলোয়াড়দের ফিটনেস আগের চেয়ে ভালো দেখছেন, সকালের সেশনে জোর দিয়েছেন গতির ওপর। নিজেই দিলেন সেটির ব্যাখ্যা, ‘শুরুতেই গতিটা রাখতে পারলে বলের দখল নেওয়া তুলনামূলক সহজ। এটা রক্ষণ ও আক্রমণ দুই বিভাগেই সমান গুরুত্বপূর্ণ।’
বিকেলের পর্বটা হলো বেশ উপভোগ্য। বল হারিয়ে কেড়ে নেওয়া ও বল দখলে রেখে দ্রুত ওঠা, দুটো ব্যাপারেই সমান গুরুত্ব দিলেন সাইফুল। শেষটায় দেখা গেল, মামুনুল ইসলাম ও জামাল ভূঁইয়া আলাদা করে শ্যুটিং অনুশীলন করছেন একা। ক্রিকেট বলের মতো বল উড়ে উড়ে যাচ্ছিল রাস্তায় ওপর।
মাঠের বাইরে বসে তা দেখলেন খেয়ালি উইঙ্গার জাহিদ হোসেন। তাঁর নাকি আবার চোট! এবং নির্লিপ্ত ভঙ্গিতে নিজের মতো করে দিলেন সেটির ব্যাখ্যা, ‘এটা তো লুডু খেলা না যে চোট হবে না!’ হালকা চোট আছে ডিফেন্ডার আরিফেরও। ডিফেন্ডার ইয়াসিন চোটের চিকিৎসা করাতে দুদিন আগে গিয়েছেন ঢাকা। স্ট্রাইকার ওয়াহেদ ব্যক্তিগত প্রয়োজনে ছুটি নিয়েছেন দুদিনের। ছোটখাটো এই ব্যাপারগুলোকে খুব একটা আমলে না নিয়ে নির্ভারই কোচ।
লোডভিক ডি ক্রুইফের সঙ্গে তাঁর সর্বশেষ যোগাযোগ হয়েছে ৩ জানুয়ারি। আগের সূচি মেনে সাইফুলকে অনুশীলন চালিয়ে
যেতে বলেছিলেন ডাচ কোচ। সেভাবেই চলছে। তবে শেষ সময়ে ডি ক্রুইফ এলে সমস্যা দেখা দেবে না?
সাইফুল প্রশ্নটা নাকচই করে দিলেন, ‘দুজনের কোচিং পদ্ধতি, পরিকল্পনা সবই প্রায় কাছাকাছি। কাজেই সমস্যা হবে না।’ কাল জানা গেল ডি ক্রুইফের বাবা ক্যানসারে মারা গেছেন গত পরশু। শোক কাটিয়ে ২৯ জানুয়ারি বঙ্গবন্ধু কাপ শুরুর কদিন আগে তিনি আসবেন কে জানে! আদৌ আসবেন কি না সেই সংশয়ও প্রবল। বিদেশি কোচের চেয়ে এখন বেশি প্রয়োজন প্রস্তুতি ম্যাচ। গোলরক্ষক কোচ মোহাম্মদ পনির তাই বলছিলেন, ‘যতই ভালো অনুশীলন হোক, প্রস্তুতি ম্যাচ দরকার।’
সেই প্রস্তুতি ম্যাচ খেলতে আবাহনীর কোচ জর্জ কোটান এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছেন। দুয়ারে বঙ্গবন্ধু কাপের মতো বড় আসর, এমন দায়সারা প্রস্তুতি ম্যাচ খেলে চমক দেখানো যাবে তো?