বঙ্গবন্ধু কাপে মালয়েশিয়ার সঙ্গেই বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ব্যর্থতার বিশ্লেষণ চলতে চলতেই বেজে উঠল বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবলের দামামা। আগামী ৮ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক প্রতিযোগিতা গ্রুপিং চূড়ান্ত হয়েছে আজ।
এবারের প্রতিযোগিতায় মোট ছয়টি বিদেশি দল অংশ নিচ্ছে। বাহরাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা—এই ছয়টি দেশের সঙ্গে থাকছে বাংলাদেশের দুটি দল। বিদেশি দলগুলোর মধ্যে বাহরাইন ও মালয়েশিয়া তাদের জাতীয় দল পাঠাচ্ছে না। বাহরাইন খেলবে ‘বাহরাইন ফুটবল টিম’ নামে, আর মালয়েশিয়া খেলবে ‘মালয়েশিয়া একাদশ’ নামে।
বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি এবারের আসরে খেলবে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দল।
প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় দলের গ্রুপে গতবারের মতোই থাকছে মালয়েশিয়া, শ্রীলঙ্কা। গতবার নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হারলেও শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। গ্রুপের চতুর্থ দল নেপাল।
অন্যগ্রুপে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের প্রতিদ্বন্দ্বী বাহরাইন, মালদ্বীপ ও কম্বোডিয়া। আগামী মার্চে ভারতের শিলংয়ে অনুষ্ঠেয় এসএ গেমসের প্রস্তুতি নিতেই এবারের আসরে অনূর্ধ্ব-২৩ দলকে খেলানোর সিদ্ধান্ত হয়েছে।
বঙ্গবন্ধু কাপের গত আসরের অন্যতম ভেন্যু সিলেট হলেও এবার সেখানে খেলা হচ্ছে না। মার্চে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ ক্র্রিকেট বিশ্বকাপের কারণে সিলেট ও চট্টগ্রামে ভেন্যু পাওয়া যাচ্ছে না। ঢাকার বাইরে তাই এবার নতুন ভেন্যু যশোর জেলা স্টেডিয়াম। গ্রুপের প্রথম পর্বের ৪টি খেলা অনুষ্ঠিত হবে যশোরে। গ্রুপের বাকি ৮ ম্যাচ এবং নকআউট পর্বের ম্যাচগুলো হবে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ও প্রতিযোগিতার অন্যতম পৃষ্ঠপোষক হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ।

এক নজরে বঙ্গবন্ধু কাপের গ্রুপিং:
গ্রুপ ‘এ’: মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ।
গ্রুপ ‘বি’ : বাহরাইন, মালদ্বীপ, কম্বোডিয়া, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩।