বঙ্গবন্ধু কাপেই বিদেশি কোচ
জাতীয় দলের জন্য একজন বিদেশি কোচ খুব জরুরিভাবে নিয়োগ দিতে চায় বাফুফে। সেটি আগামী ১৬-২৭ জানুয়ারি ঢাকা ও সিলেটে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু কাপের আগেই।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কাল বলছিলেন, স্থানীয় কোচের পক্ষে জাতীয় দলকে সব দিক দিয়ে সামলানো কঠিনই মনে হচ্ছে তাঁর। তাই বিদেশি কোচের বিকল্প দেখছেন না। গোটা ব্যাপারটা ব্যাখ্যাও করলেন এভাবে, ‘সাম্প্রতিক সময়ে জাতীয় দল প্রায় ৮০ ভাগ গোল হজম করেছে ডেড বলে। স্থানীয় কোচ এটা বন্ধ করতে পারছে না। এমনকি বিদেশি কোচও পারেনি। তার পরও এই সমস্যা দূর করাসহ দলটাকে একটা ভালো অবস্থানে নিতে বিদেশি কোচের হাতেই জাতীয় দলকে তুলে দিতে চাই বঙ্গবন্ধু কাপে।’
বিদেশি কোচ নেওয়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্টসহ কোচিং স্টাফের সবাই একমত জানিয়ে কাল এই খবরটা দিলেন খোদ সালাউদ্দিন, ‘সবদিক ভেবে দেখলাম বিদেশি কোচ আমাদের আনতেই হবে।’ তবে বর্তমান অস্থায়ী কোচ সাইফুল বারীর অধীনেই ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাপান অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। আগামী পরশু জাপান দলটি ঢাকায় আসছে। এই সফরে আসা-যাওয়া তো বটেই, ঢাকায় থাকা-খাওয়াসহ নিজেদের সব খরচই বহন করছে জাপান। বাফুফের সঙ্গে এটাও তাদের একধরনের সহযোগিতা।
জাপান ম্যাচটা না হয় পার হলো, কিন্তু বঙ্গবন্ধু কাপে নতুন বিদেশি কোচ কে? লোডভিক ডি ক্রুইফকে বিদায় দেওয়ার পর মাস দুয়েক ধরেই এই কৌতূহলটা সবার। কদিন আগে স্লোভাকিয়ান একজন কোচ নিজ উদ্যোগেই ঢাকা এসে বাংলাদেশ দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন। আরমিন সিলিয়াক নামের ওই কোচ নাকি একজন সহকারী ও একজন ট্রেনারসহ তিনজনের বেতন চেয়েছেন মাসে ৬০ হাজার ডলার! এত টাকা দিয়ে কোচিং স্টাফ রাখার সামর্থ্য নেই বলে সিলিয়াকের ব্যাপারে এগোতে রাজি নয় বাফুফে। অন্য কাউকেই খোঁজা হচ্ছে জোরেশোরে। আগামী বছর বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ আছে বাংলাদেশের। বাফুফে চাইছে বঙ্গবন্ধু কাপ থেকেই সেসব ম্যাচের প্রস্তুতি ভালোভাবে শুরু করতে।
ওদিকে বঙ্গবন্ধু কাপে নেওয়া হচ্ছে পাকিস্তানকে। এত দিন বাফুফে বলে আসছিল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাহরাইনের খেলা নিশ্চিত। কাতার বা লাওসের মধ্যে একটি দলকে নেওয়া হবে। কাল জানানো হলো, কাতার বা লাওস নয়, পঞ্চম বিদেশি দল হিসেবে পাকিস্তানকেই পছন্দ! এর বড় কারণ, আমন্ত্রিত দেশগুলোর সবাই খুব শক্তিশালী হলে বাংলাদেশের পক্ষে সেমিফাইনালে খেলা কঠিন। সেটি মাথায় রেখেই পাকিস্তানকে আনতে চাওয়া।
এ ছাড়া এখন পর্যন্ত আর কোনো পরিবর্তন নেই। টুর্নামেন্টের সামগ্রিক প্রস্তুতিতে গতি আসছে। ছয় দেশের এই আয়োজনে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ বিদেশি স্যাটেলাইট চ্যানেল ফক্স দেখাতে পারে।