বঙ্গবন্ধু কাপেও আছেন মারুফুল

দুপুর থেকেই বাফুফে ভবনে গণমাধ্যমকর্মীদের অপেক্ষা। নিজের কক্ষে অপেক্ষা করছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও। বেলা ৩টায় জাতীয় দলের কোচ মারুফুল হক ঢুকলেন কাজী সালাউদ্দিনের কক্ষে। মিনিট বিশেক পর হাসিমুখেই কক্ষ থেকে বের হলেন বিপর্যয়কর সাফ ফুটবলে বাংলাদেশ দলের কোচ।
৮ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু গোল্ড কাপে মারুফুল হকই যে জাতীয় দলের দায়িত্বে থাকছেন আভাসটা আগেই পাওয়া গিয়েছিল। কাল বিষয়টি চূড়ান্ত করেছে বাফুফে। মারুফের সঙ্গে আলোচনার পর বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন, ‘আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি যেন তাঁর দায়িত্ব চালিয়ে যান। এমন নয় যে বঙ্গবন্ধু কাপ দিয়েই তাঁর দায়িত্ব শেষ।’
মূলত সাফ চ্যাম্পিয়নশিপের জন্যই দায়িত্ব দেওয়া হয় মারুফকে। সাফে বাংলাদেশ দলের ব্যর্থতার পর তিনি বঙ্গবন্ধু কাপেও কোচের দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেন। দীর্ঘমেয়াদি দায়িত্বই তিনি চান, কিন্তু আপাতত তাঁর চুক্তি বঙ্গবন্ধু গোল্ড কাপ পর্যন্ত। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সাবেক কোচ লোডভিক ডি ক্রুইফের মতো খণ্ডকালীন চুক্তির পথেই হাঁটছে বাফুফে। যদিও কাল দুই পক্ষের সভা শেষে আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা এই টুর্নামেন্টের পর আবারও বসব এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাব চুক্তিটা।’
পেছনে সাফের দুঃস্মৃতি। সামনে বঙ্গবন্ধু গোল্ডকাপ। মারুফের নজর এখন সামনে, ‘সাফের এই বিপর্যয় থেকে দলকে টেনে তুলতে চাই।’ ঢাকায় ফিরে সভাপতির সঙ্গে মারুফের প্রথম আলোচনাটাই হয়েছে সাফের ব্যর্থতা নিয়ে। কাজী সালাউদ্দিন এমন হারের কারণ জানতে চান। হারের ব্যাখ্যাটা শুধু সভাপতিকেই দিয়েছেন মারুফ, ‘এমন বিপর্যয়ের কিছু টেকনিক্যাল কারণ ছিল। সেটা শুধু তাঁর সঙ্গেই আলোচনা করেছি। এটা সবাইকে বলতে চাই না আমি।’
মিডফিল্ডার জামাল ভূঁইয়া সম্প্রতি দলের মধ্যে ঐক্য নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু সমস্যাটা নাকি মাঠের বাইরে একেবারে নেই! কাল জোর গলায় কোচ দাবি করলেন, ‘মাঠের বাইরে দলে কোনো সমস্যা নেই। সব সমস্যা মাঠে। এই দলটা নিয়ে এখানে ২১ দিন কাজ করেছি। ভারতে আরও দশ দিন। যদি কেউ প্রমাণ করতে পারে যে দলের মধ্যে কোন্দল বা পারস্পরিক সমঝোতার অভাব রয়েছে তাহলে ওই দিনই কোচিং ছেড়ে দেব।’
বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য সাফের দলের সঙ্গে আরও তিনজন ফুটবলারকে যোগ করা হতে পারে। ৪ জানুয়ারি ফুটবলারদের রিপোর্টিং। এরপর এক বেলা অনুশীলন শেষে দলকে নিয়ে খুলনা যাবেন কোচ। বঙ্গবন্ধু গোল্ড কাপ নিয়ে অবশ্য এখনই কিছু বলতে চান না তিনি, ‘এখনো জানি না টুর্নামেন্টে কারা খেলবে, কারা খেলবে না। ফুটবলারদের মানও জানি না। এসব জেনেই মন্তব্য করব।’
তবে সাফে ভরাডুবির পরও ওই ফুটবলারদের নিয়ে মারুফুল আশাবাদী, ‘এদের নিয়েই ভালো কিছু করতে পারব। সাফে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি ছেলেরা, এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এখন খেলোয়াড়দের মনোবল বাড়াতে হবে। চেষ্টা করব ওদের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনার।’
সাফের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ যে আফগানিস্তান কাল তা স্বীকার করলেন মারুফ, ‘আফগানিস্তান দলে এবার যে ৯ জন নতুন ফুটবলার খেলেছে, ওদের সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। ওরা নিয়মিত ইউরোপে খেলে। এই ফুটবলারদের শারীরিক গড়ন ও টেকনিক্যাল স্কিলই পার্থক্যটা গড়ে দিয়েছে।’ তবে মালদ্বীপের কাছে হারটা কিছুতেই মানতে পারছেন না তিনি, ‘ওই ম্যাচে হারটা একেবারে অপ্রত্যাশিত ছিল। আমি মনে করি না মালদ্বীপের বর্তমান জাতীয় দলটা আমাদের চেয়ে বেশি ভালো। ওদের দল একজন ফুটবলারের (আলী আশফাক) ওপর নির্ভরশীল। তাকে আটকেছিলাম এবং আমরা সুযোগও পেয়েছিলাম অনেক। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারিনি। কারণ আমরা ৩ পয়েন্টের পেছনে ছুটেছিলাম।’