
শেষ ভালো যার, সব ভালো তার। বছরের শেষটা মোটেও ভালো হলো না আমাদের। কিন্তু পেছন ফিরে তাকালে দেখব, পুরো মৌসুমে আমাদের ঘরোয়া ফুটবল সচল ছিল। সাফল্যও এসেছে। লিগ ও ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন শেখ জামাল উঠেছে এএফসি কাপের চূড়ান্ত পর্বে। চট্টগ্রাম আবাহনী জিতেছে শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপে। ফুটবলে ৭০ ভাগ সাফল্য ছিল আমাদের।
আসলে সাফের ব্যর্থতাই আমাকে বেশি পোড়াচ্ছে। যে টুর্নামেন্টের জন্য এত কষ্ট, এত পরিশ্রম, এত ত্যাগ—সেটাতেই হেরে গেছি। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফ ফুটবলে মোটেও সফল হতে পারিনি।
ঘরোয়া ফুটবলে ভালো করলেও জাতীয় দলে সফল হতে পারিনি—এটা খুবই দুঃখজনক। শুধু বঙ্গবন্ধু গোল্ডকাপে রানার্সআপ হয়েছিলাম। সাফে ভালো করলে বছরটা হতো সোনায় মোড়ানো। বুক ফুলিয়ে বলতে পারতাম বছরটা ভালো কেটেছে।
বিশ্বকাপ বাছাই, ফিফা প্রীতি ও অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্ট মিলিয়ে নিকট অতীতে বাংলাদেশ এত বেশি ব্যস্ত কখনোই থাকেনি। এমন ব্যস্ত সূচিতে কিন্তু মোটেও ক্লান্ত হইনি। বরং এটা নিজেদের মেলে ধরার জন্য ভালো সুযোগ ছিল। ব্যস্ত সূচি থাকলে উন্নতিরও অনেক সুযোগ থাকে। বিদায় বছরে হয়তো আন্তর্জাতিক ম্যাচগুলোয় ভালো করতে পারলাম না, কিন্তু এ বছর আশা করি ভালো করব। আমরা ওই ম্যাচগুলো থেকে অনেক শিখেছি। এক লাফে তো গাছে ওঠা যায় না। একটু একটু করে উঠতে হয়। আগামী দুই-তিন বছর যদি এমন ব্যস্ত সূচি থাকে, তাহলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বাড়বে। এমনকি দেশের বাইরে খেলার সুযোগও আসতে পারে। সব মিলিয়ে এটা ফুটবলের জন্যই ইতিবাচক হবে।
আমাদের জন্য আশার কথা, ফুটবলারদের পারিশ্রমিক এখন অনেক বেড়েছে। তবে যখন জাতীয় দলের ব্যর্থতার পর আমাদের পারিশ্রমিক নিয়ে কেউ সমালোচনা করে, সেটা হয় সবচেয়ে দুঃখজনক ব্যাপার। জাতীয় দলের সাফল্যে ক্লাবগুলো টাকা দেয় না। ক্লাবগুলোকে সাফল্য এনে দিলে তবেই তারা টাকা দেয়।
এবার একটু দর্শক প্রসঙ্গে বলতে চাই। এটা সত্যি, সাফে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি। কিন্তু এরপরও আশা করি বঙ্গবন্ধু গোল্ড কাপে দর্শক মাঠে আসবে। এর প্রধান কারণ, মাঠে ভালো ফুটবল খেলার তাড়না বোধ করছি আমরা। আমাদের ভালো খেলতেই হবে। সাফের ব্যর্থতার সব দায় ফুটবলারদেরই নিতে হবে। আমাদের পারফর্ম করতে হবে।
সব শেষে বলব, আমি আশাবাদী মানুষ। নতুন বছরে নতুন স্বপ্ন দেখি। আমি আগেই জানিয়েছি, নতুন বছরে অধিনায়কত্বের বাহুবন্ধনী আর পরতে চাই না। তবে ফেডারেশন যদি আবারও আমাকে দায়িত্ব দেয় তাহলে আপত্তি করব না। দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি না বলে কষ্ট পাই। একজন অধিনায়ক হিসেবে লজ্জা লাগে। দলের একজন সাধারণ ফুটবলার হিসেবে এই দল নিয়ে আমার অনেক প্রত্যাশা। আমি স্বপ্নবান মানুষ। স্বপ্ন দেখতে ভালোবাসি। এখানে ভালো করতে দু-একজন ফুটবলারের দায়িত্ব নিলে হবে না, দলের সবার ভালো পারফর্ম করতে হবে। নিজেদের একটা পর্যায়ে নিয়ে আসতে হবে। গত বছর থেকে এই বছর আমাদের উন্নতি করার আরও সুযোগ থাকবে। ফুটবলারদের এ জন্য আরও মনোযোগী হতে হবে, নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে।
এমনিতেই মানসিকভাবে আমরা ভালো নেই। এ অবস্থায় ভালো থাকতেও পারি না। আমাদের নিয়ে সবাই সমালোচনামুখর। আমি মনে করি, খেলোয়াড়দের জেদ থাকা উচিত যাতে কেউ এসে মুখের ওপর কিছু বলে চলে যেতে না পারে।
দুয়ারে কড়া নাড়ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ। নতুন বছরে এটাই আমাদের প্রথম চ্যালেঞ্জ। এই টুর্নামেন্টে যদি ভালো পারফর্ম করতে না পারি তাহলে বলব আমাদের মধ্যে জেদ বলে কিছু নেই। আমাদের মনের ভেতরে জেদ আনতেই হবে। তাহলেই মুঠোয় ধরা দেবে সাফল্য।
মামুনুল ইসলাম, সর্বশেষ বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক