বঙ্গবন্ধু কাপের পালে জোর হওয়া
জানুয়ারির তৃতীয় সপ্তাহে বহু প্রতীক্ষিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে, এটা অনেকটাই নিশ্চিত। আড়াই মাস বাকি থাকলেও এখনই যেন ঘণ্টা বেজে গেছে এই টুর্নামেন্টের।
এত দিন টাকা কোথা থেকে আসবে, সেটিই ছিল আয়োজক বাফুফের সবচেয়ে বড় দুশ্চিন্তা। অবশেষে টাকার একটা ব্যবস্থা হয়েছে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হওয়ার পাশাপাশি টিভি স্বত্বও কিনে নিয়েছে চ্যানেল নাইন। সাম্প্রতিক সময়ে ঢাকার বাইরে জাতীয় দলের প্রীতি ম্যাচ সম্প্রচার করে অভূতপূর্ব সাড়া পাওয়ায় বঙ্গবন্ধু কাপের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব নিয়ে আসে চ্যানেলটি।
শুধু তা-ই নয়, আগামী পাঁচ বছর বঙ্গবন্ধু কাপের টিভি স্বত্ব কিনেছে চ্যানেল নাইন, প্রতিবছরই তারা বাফুফেকে দেবে ছয় কোটি টাকা করে। প্রথম আসরের ছয় কোটির মধ্যে এক কোটি টাকা তারা হস্তান্তরও করেছে কাল বাফুফে ভবনে দুই পক্ষে সম্পাদিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে।
টুর্নামেন্টের বাজেট আপাতত সাড়ে পাঁচ কোটি টাকা। যার অর্থ, চ্যানেল নাইন থেকে পাওয়া অর্থ দিয়ে টুর্নামেন্ট হয়ে যাচ্ছে। দলগুলোর থাকা-খাওয়াসহ সব খরচই বাফুফের। থাকবে অর্থ পুরস্কার, তবে সেই অঙ্কটি এখনো ঠিক হয়নি। কয়েক দিনের মধ্যেই সব চূড়ান্ত হয়ে যাবে। বাফুফে ভবনে এখন বঙ্গবন্ধু কাপের আবাহন, কর্মকর্তাদের মধ্যে ব্যস্ততা।
একটা টুর্নামেন্টই করা যাচ্ছিল না এত দিন, এখন কিনা প্রতিবছরই বঙ্গবন্ধু কাপ হবে! দেশের গণ্ডি ছাড়িয়ে বঙ্গবন্ধু কাপ নাকি হতে পারে দেশের বাইরেও! চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তেমন আশাবাদই শোনালেন চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান, ‘আমরা এই টুর্নামেন্ট বাংলাদেশের বাইরেও নিয়ে যেতে পারি। যেমন আগামীতে এটি করা যেতে পারে থাইল্যান্ডে। এ নিয়ে ওরাওয়ি মাকুদির (থাইল্যান্ড ফুটবল ফেডারেশনের সভাপতি) সঙ্গে কথাও হয়েছে, তিনি বলেছেন হোয়াই নট? থাইল্যান্ডে আয়োজনের পর মালয়েশিয়ায়ও হতে পারে।’
ছয় দলের টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে আগেই পাঁচটি দল বাহরাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, লাওস, থাইল্যান্ড এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছে। হাতে থাকছে আরও দুটি দল কাতার ও পাকিস্তান। দুটি দল বাড়লেও বিদেশি পাঁচ দলকেই বেছে নেওয়া হবে।
এই দলগুলো প্রতিবছর জানুয়ারিতে বঙ্গবন্ধু কাপ খেলতে পারবে বলে আশ্বস্ত করেছে বাফুফেকে। এ কারণেই প্রতিবছর এটি আয়োজনের ব্যাপারে আশাবাদী বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘বর্তমানে এ ধরনের টুর্নামেন্ট অনেক কমে গেছে। কেননা সব দেশেই ঘরোয়া ব্যস্ততা আছে। সঙ্গে ফিফা-এএফসির সূচি। তার পরও এই দেশগুলো প্রতিবছর জানুয়ারিতে সময় দিতে পারবে বলে আমরা বঙ্গবন্ধু কাপ এখন থেকে প্রতিবছরই করব।’
করতে পারলে দেশের ফুটবলের জন্য সেটি হবে দারুণ!