বঙ্গবন্ধু কাপের শুরু সিলেটে

লোগো উন্মোচন অনুষ্ঠান শেষ। হঠাৎ কাজী সালাউদ্দিনের ঘোষণা, ‘বঙ্গবন্ধু কাপের উদ্বোধন কিন্তু সিলেটে হবে।’ এত দিন বাফুফে সভাপতি বলে এসেছেন, আগে খেলা হবে ঢাকায়। তারপর সিলেট। কিন্তু সেই পরিকল্পনা পাল্টে সিলেটে উদ্বোধন! বড় এই পরিবর্তনের কারণ কী?সরকারের শীর্ষ পর্যায় থেকে সিলেটেই টুর্নামেন্টের উদ্বোধন করতে বলা হয়েছে—এমনটাই বলাবলি হচ্ছিল অনুষ্ঠানে। সিলেটের আয়োজকেরাও সত্যতা নিশ্চিত করেছেন। সিলেটে উদ্বোধন মানে ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ওখানেই প্রথম তিনটি ম্যাচ হবে।
১-৩ ফেব্রুয়ারি গ্রুপপর্বের বাকি তিনটি ম্যাচ ঢাকায়। দুটি সেমিফাইনালের একটি ঢাকায়, অন্যটি সিলেটে। কোনটি সিলেটে হবে এখনো ঠিক হয়নি। তবে ৮ ফেব্রুয়ারি ঢাকায় ফাইনালটা নিশ্চিত।
গ্রুপিং হয়েছে পূর্বপরিকল্পনা অনুযায়ী। বাংলাদেশের জন্য সেমিফাইনালে ওঠার সুযোগ রাখতে গ্রুপে মালয়েশিয়া, শ্রীলঙ্কাকে রাখার যে কথা জানিয়েছিলেন বাফুফে সভাপতি, হচ্ছেও তাই। বাহরাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড থাকছে অন্য গ্রুপে। তবে আয়োজকদের একটু হতাশ করে বাহরাইনের মতো সিঙ্গাপুরও পাঠাচ্ছে অনূর্ধ্ব-২৩ দল। উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট স্টেডিয়ামে বিকেল ৫টায় ম্যাচ শুরু।
এর পরও অবশ্য গ্রুপিং নিয়ে গোলকধাঁধা থাকল। লোগো উন্মোচন অনুষ্ঠানেই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ড্র হবে—এমনটাই জানিয়েছিল বাফুফে, তবে শেষ পর্যন্ত তা হয়নি। এ নিয়ে সালাউদ্দিন এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ‘ড্র করতে গেলে সব দলের প্রতিনিধিদের থাকা প্রয়োজন, সেটা সম্ভব নয়। তাই আনুষ্ঠানিক ড্র করছি না। তবে মেলবোর্নে এএফসির বিশেষ কংগ্রেসের সময়ই সব দলের সঙ্গে কথা বলে এই গ্রুপিং করা হয়েছে।’
যা-ই হোক, একটা বড় কাজই শেষ করল বাফুফে। টুর্নামেন্টের লোগো উন্মোচন বাকি থাকায় আনুষ্ঠানিক প্রচারণা চালানো যাচ্ছিল না, কাল সেই বাধাও দূর। ঢাকার একটি হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উদ্বোধন করলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত লোগো।
টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির প্রধান হিসেবে গতকালই ঘোষিত হয়েছে অর্থমন্ত্রীর নাম। অর্থমন্ত্রী ফুটবলের কোনো অনুষ্ঠানে এলেই অবধারিতভাবে এই প্রশ্নটি ওঠে, ফুটবল উন্নয়নে সরকার বাফুফেকে কি আর্থিক সহায়তা দেবে? এখানেও যথারীতি প্রশ্নটি উঠল এবং অর্থমন্ত্রী বঙ্গবন্ধু কাপ তো বটেই, ফুটবলের এগিয়ে চলার পথে টাকা সমস্যা হবে না বলে আশ্বাস দিলেন।
দীর্ঘকাঙ্ক্ষিত অনেক স্বপ্নের টুর্নামেন্ট। আগামী চার বছর প্রতি জানুয়ারিতে এটি আয়োজনের ঘোষণা শোনা গেল সালাউদ্দিনের কণ্ঠে। প্রথমবারই তঁার মন চাইছে বাংলাদেশ যেন চ্যাম্পিয়ন হয়। কিন্তু বাস্তবতার জমিনেই পা রাখতে চান বাফুফের শীর্ষ কর্মকর্তা। এ কারণেই বঙ্গবন্ধু কাপে বাংলাদেশের লক্ষ্য নিয়ে খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী নন তিনি, ‘আমরা চাই অন্তত সেমিফাইনালে খেলুক বাংলাদেশ।’
বাংলাদেশকে অন্তত শেষ চারে তুলতে পারবেন মামুনুলরা?
কোন দল কোন গ্রুপে
‘এ’
বাংলাদেশ
মালয়েশিয়া
শ্রীলঙ্কা
‘বি’
বাহরাইন থাইল্যান্ড সিঙ্গাপুর