বঙ্গবন্ধু কাপের শুরুতেই হারের হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের একটি মুহূর্ত ছবি: শামসুল হক।
সিলেটে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের একটি মুহূর্ত ছবি: শামসুল হক।

সেই পুরোনো গল্পই। মাঠজুড়ে বাংলাদেশের ফুটবলারদের বিচরণ। প্রতিপক্ষের রক্ষণ ভেদ করার প্রাণান্তকর প্রচেষ্টা। কিন্তু দিন শেষে পরাজিত দল বাংলাদেশই। ১৫ বছর পর দেশের মাটিতে শুরু হওয়া আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার শুরুটা হয়েছে বাংলাদেশের হার দিয়েই। মালয়েশিয়ার কাছে মামুনুলরা হেরেছেন ১-০ গোলের ব্যবধানে। 
প্রতিপক্ষ মালয়েশিয়ার অলিম্পিক দল। অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে জাতীয় দলের জয়ই কাম্য ছিল সবার। কিন্তু মালয়েশিয়া আজ মাঠেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে বাংলাদেশের দুর্বলতার জায়গাগুলো। হ্যাঁ, প্রতিপক্ষের রক্ষণব্যূহ ভেদ করা আর প্রাপ্ত গোলের সুযোগ নষ্ট করাই যে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা, সিলেটে আজ সেটা ফুটে উঠেছে বড় করুণভাবেই।
প্রথমার্ধের শুরুর দিকে বেশ কিছুটা জড়তার মধ্যে ছিল বাংলাদেশ দল। প্রথমার্ধের শেষ দিক থেকে সেই জড়তা দারুণভাবেই কাটিয়ে ওঠে গোটা দল। পুরো দ্বিতীয়ার্ধেই মালয়েশিয়ার বিপক্ষে চাপ প্রয়োগ করে খেলেও গোল বের করতে না পারার ব্যর্থতা বঙ্গবন্ধু কাপের সূচনাটা স্মরণীয় হতে দিল না। উল্টো খেলার ৫১ মিনিটে বক্সের বাইরে থেকে চকিত এক শটে গোল করে সিলেটের মঞ্চে বাজিমাত করে ফেলে মালয়েশিয়া। মো. সাফওয়ানের গোলটি শেষ পর্যন্ত মালয়েশিয়ার অনূর্ধ্ব-২৩ দলকে এনে দেয় বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে চমৎকার এক জয়।
পুরো খেলায় দারুণ খেলেছেন অধিনায়ক মামুনুল ইসলাম। হেমন্ত ভিনসেন্ট, রায়হান, জামাল ভূঁইয়ারা বারবারই কাঁপন ধরিয়েছেন মালয়েশিয়ার প্রান্তসীমায়। কিন্তু দুই ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি ও জাহিদ হোসেনের নিষ্প্রভ ফুটবলে বাংলাদেশ লক্ষ্য পূরণ করতে পারেনি। খেলার প্রথমার্ধের ৮ মিনিটে জাহিদের বাড়িয়ে দেওয়া বলে একেবারে ফাঁকা পোস্টে বল ঠেলার সুযোগ নষ্ট করেন এমিলি। জাহিদও একাধিকবার সুযোগ পেয়েও এলোমেলো শটে পারেননি লক্ষ্যভেদ করতে।
মালয়েশিয়ার রক্ষণেরও প্রশংসা করতে হয়। দুই দলের রক্ষণের তুলনামূলক চিত্র তুলে ধরলে এ ক্ষেত্রে এগিয়ে থাকবে সফরকারীরাই। পুরো খেলায় গোলে শট নিতে গিয়ে বারবারই বাধার মুখে পড়তে হয়েছে বাংলাদেশের ফরোয়ার্ডদের। তাঁদের হয় শট নিতে দেওয়া হয়নি অথবা শট ব্লক করা হয়েছে। উল্টোচিত্র ছিল বাংলাদেশের রক্ষণে। মালয়েশিয়ার ফরোয়ার্ডরা দূর থেকে শট নিয়েই ম্যাচের শুরুর দিকে বেশ কয়েকবার বিপদে ফেলেছিলেন বাংলাদেশের গোলরক্ষক লিটনকে। প্রথমার্ধে ক্রসবার দুর্ভাগ্য তিনবার মালয়েশিয়াকে বঞ্চিত না করলে আজকের ম্যাচে বড় ব্যবধানের হারই স্বীকার করতে হতো। মালয়েশীয়দের জয়সূচক গোলটি তো দূর থেকে বাধাহীনভাবে নেওয়া এক শট থেকেই!
এক গোলে পিছিয়ে মালয়েশিয়ার রক্ষণব্যূহে প্রচণ্ড চাপ সৃষ্টি করে বাংলাদেশ। তবে গোলের পরিষ্কার সুযোগ খুব যে এসেছিল, সেটা বলা যাবে না। তবে ম্যাচের শেষ দিকে সাখাওয়াৎ রনির শট বারে লেগে ফিরে এসে সমতা ফেরানোর নিশ্চিত সুযোগ থেকে বঞ্চিত হয় বাংলাদেশ।
ম্যাচের শেষদিকে পরপর দুটি কর্নার আদায় করেছিলেন বাংলাদেশের ফরোয়ার্ডরা। কিন্তু কর্নারগুলো প্রত্যাশা তৈরি করা ছাড়া কাজের কাজটা করতে ব্যর্থ হয় চূড়ান্তভাবেই।
রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে এরপর একরাশ হতাশাকে সঙ্গী করেই শেষ হয় বঙ্গবন্ধু কাপের উদ্বোধনী ম্যাচ।