বঙ্গবন্ধু গোল্ড কাপে যশোরের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ মিশন শেষ। এবারও গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলের এই ব্যর্থতায় ফুটবলপ্রেমীরা ক্ষুব্ধ। তাতে অবশ্য থেমে থাকছে না দেশের ফুটবল। মাঠে গড়াচ্ছে সাতদেশীয় ফুটবল টুর্নামেন্ট—বঙ্গবন্ধু গোল্ড কাপ। ৮ জানুয়ারি থেকে চতুর্থ এই আমন্ত্রণমূলক আন্তর্জাতিক টুর্নামেন্টের পর্দা উঠছে যশোরে। ‘এ’ গ্রুপের দুই দল বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে উদ্বোধনী ম্যাচে। ৮ থেকে ১১ জানুয়ারি সাত দেশের আটদলীয় টুর্নামেন্টের চারটি ম্যাচ হবে এখানে। এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে মালয়েশিয়া, মালদ্বীপ, বাহরাইন, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ জাতীয় দল ও অলিম্পিক দল।
টুর্নামেন্টের প্রস্তুতি দেখভালের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি প্রতিনিধিদল গত শুক্রবার যশোর শামস-উল হুদা স্টেডিয়াম পরিদর্শন করেছে। বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ফজুলর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা স্টেডিয়াম ঘুরে দেখেন এবং মাঠ প্রস্তুতির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
প্রস্তুতির ব্যাপারে জানতে চাইলে যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু প্রথম আলোকে বলেন, আগামী পাঁচ দিনের মধ্যেই স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলার উপযোগী হয়ে যাবে। প্রস্তুতির ব্যাপারে বাফুফের কর্মকর্তারা দিকনির্দেশনা দিচ্ছেন। যশোরের ক্রীড়ামোদীরা বাংলাদেশসহ সাত দেশের খেলোয়াড়দের ফুটবল উপভোগের সুযোগ পাবে।