বঙ্গবন্ধু গোল্ডকাপে কেমন করবে বাংলাদেশ, কোচ যা বলছেন
১৫ জানুয়ারি শুরু হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ। টুর্নামেন্টে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে ইংল্যান্ড থেকে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের কোচ জেমি ডে।

বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ের ১৮৭-তে অবস্থান করছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে আর কিছু দেশ থাকলেও তারা কার্যত ফুটবলে ‘মৃত’ই বলা যায়! দেশের মাঠে টুর্নামেন্ট আয়োজন করতে বাংলাদেশের নিচে থাকা দল পাওয়া বাফুফের জন্য কঠিনই। তবু ১৫ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপে দুটি দল বাফুফে পাচ্ছে, যারা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়েও পিছিয়ে । ২০০তম অবস্থানে সেসেলশ আর ২০৫-এ আছে শ্রীলঙ্কা।
আয়োজক হিসেবে দল বাছাইয়ে সাহসিকতার পরিচয় দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অংশ নিতে যাওয়া পাঁচ বিদেশি দলের মধ্যে সবার ওপর ১০৬-এ অবস্থান করছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দল ফিলিস্তিন, বুরুনডি ১৫১ আর মরিশাস ১৭২। অংশ নিতে যাওয়া দেশগুলো তাদের জাতীয় দল না বয়সভিত্তিক দল পাঠায়, সেটিই দেখার। অবশ্য বাফুফে বলছে, জাতীয় দলই আসবে।
র্যাঙ্কিংকে ফুটবলের চূড়ান্ত মানদণ্ড ধরা যায় না, তবু একটি দেশের নিকট অতীতের সাফল্য-ব্যর্থতার চেহারা ফুটে ওঠে এতে। সে হিসাবে প্রতিটি দলের শক্তিমত্তা বোঝাই যাচ্ছে। তা টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য কী? গ্রুপ পর্ব পার হওয়াই প্রথম লক্ষ্য হিসেবে নির্ধারণ করছেন স্বাগতিক দলের কোচ জেমি ডে এবং তাঁর মতে টুর্নামেন্টটি হতে যাচ্ছে জামাল ভূঁইয়াদের জন্য কঠিন।
গ্রুপ ‘ এ’ তে বাংলাদেশের সঙ্গে আছে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। এখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলার টিকিট পাবে। লক্ষ্য সেমিফাইনাল খেলা হলেও কাজটা সহজ হবে না বলে মনে করেন জেমি, ‘র্যাঙ্কিংয়ের বিচারে টুর্নামেন্টের অন্যতম সেরা দল ফিলিস্তিন আমাদের গ্রুপে আছে। তারা অনেক শক্তিশালী দল। এছাড়া শ্রীলঙ্কাও বিশ্বকাপের মূল বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। সুতরাং গ্রুপ পর্ব থেকে বের হওয়াও কঠিন। ’
গত টুর্নামেন্টে ফিলিস্তিনির বিপক্ষে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। ফিলিস্তিন ছাড়াও বুরুনডি ও মরিশাস থাকায় টুর্নামেন্টটি কঠিন ও উপভোগ্য হতে যাচ্ছে বলে মনে করেন জেমি, ‘বিদেশি পাঁচটি দলের মধ্যে তিনটি দলই বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে ওপরে। সুতরাং উপভোগ্য একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং বাংলাদেশের জন্য হবে খুবই কঠিন। ’