মালদ্বীপ-প্রবাসীদের জন্য সাইফই 'বাংলাদেশ!'
• এএফসি কাপের প্রাথমিক রাউন্ডের দ্বিতীয় পর্বের ম্যাচ খেলবে আজ সাইফ স্পোর্টিং ক্লাব
•খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়
• বাংলাদেশের ক্লাবটির প্রতিপক্ষ মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। প্রথম পর্বে তাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল সাইফ
• এএফসি কাপে এই প্রথমবারের মতো খেলছে এবারই প্রথম প্রিমিয়ার লিগে খেলা ক্লাবটি

এএফসি কাপের প্রাথমিক রাউন্ডের প্রথম পর্বে একচেটিয়া খেলেও জয় পায়নি সাইফ স্পোর্টিং ক্লাব। ঘরের মাঠে দুর্ভাগ্য আর গোল মিসের খেসারত দিয়ে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে ১-০ গোলে হেরে এশিয়ার দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল সাইফ। মালেতে আজ দ্বিতীয় পর্বের ম্যাচ। রাশমি ধানদু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে ম্যাচটি।
প্রথম পর্বে ১-০ গোলে হেরে ইতিমধ্যে পিছিয়ে আছে বাংলাদেশ প্রতিনিধিরা। পরবর্তী রাউন্ড পা রাখতে আজ একাধিক গোলে জিততেই হবে। ১-০ গোলে জিতলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানে মীমাংসা না হলে টাইব্রেকার।
আগের ম্যাচ থেকে মাত্র একটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে সাইফ। রাইট উইঙ্গার জাহিদ হোসেনের পরিবর্তে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকে দেখা যেতে পারে একাদশে। আর ফরমেশন যথারীতি ৪-৩-৩। বাংলাদেশ প্রতিনিধিদের জন্য ভালো খবর হলো, প্রতিপক্ষ আজ পাচ্ছে না তাদের বেলারুশের গোলরক্ষক আসনিন দিমিত্রিকে।
মালেতে বাংলাদেশের খেলা মানেই থাকে প্রবাসী বাংলাদেশিদের ভিড়। লাল-সবুজ জার্সি গায়ে ফুটবলাররা মাঠে না নামলেও সাইফ-ই তাঁদের জন্য আজ ‘বাংলাদেশ’। এবারই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা এই ক্লাব এরই মধ্যে নাকি প্রবাসীদের আগ্রহের কেন্দ্রে।
একসময় মালদ্বীপের যেকোনো ক্লাবের বিপক্ষেই বাংলাদেশের শীর্ষ ক্লাবগুলোর ছিল একচ্ছত্র আধিপত্য। নব্বইয়ে দশকে মালদ্বীপের একটি ক্লাব ভ্যালেন্সিয়াকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল মোহামেডান। ক্লাব ল্যাগুন্স, নিউ রেডিয়েন্ট প্রভৃতি বেশ কয়েকবারই বড় ব্যবধানে হেরেছে মোহামেডান-আবাহনীর কাছে। কিন্তু সময় পাল্টে গেছে। মালদ্বীপ এখন ফুটবলে অনেকটাই এগিয়ে। দেশটির ক্লাবগুলো এখন অনেক পেশাদার, অনেক সংগঠিত। টিসি ক্লাবই গত বছর চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় শিরোপা জিতে গেছে।
সাইফ আজ অন্য রকম কিছু কি করতে পারবে?