বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাদা মাঠে জবরদস্তি ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন মাঠেই চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ছবি: শামসুল হক
এমন মাঠেই চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ছবি: শামসুল হক

পাস দিলে আটকে যাচ্ছে বল, তার মধ্যে চলেছে ফুটবল...থুড়ি ‘লাথালাথি’। খেলা শেষে সবার প্যান্টের রং কালো, পেছন থেকে জার্সি দেখে চেনারও উপায় নেই কে তৌহিদুল আলম সবুজ আর কে খালেকুজ্জামান সবুজ! যেন কাদামাটিতে গড়াগড়ি করে জবরদস্তি ফুটবলের বিজ্ঞাপন করে উঠলেন তাঁরা। এমন ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে চট্টগ্রাম আবাহনী।

আবাহনীর আফিজ ওলাদিপোর জোড়া ও তৌহিদুল আলম সবুজের এক গোলের সন্ধ্যায় শেখ রাসেলের গোলটি আত্মঘাতী।

স্কোর বোর্ডে ৩-১ দেখে মনে হতে পারে জম্পেশ একটি ফুটবল ম্যাচ হয়েছে। আসলে কিন্তু তা নয়। হলে কি আর ম্যাচ শেষে জয়-পরাজয় ছাপিয়ে দুই দলের কোচের কাঠগড়াতেই থাকে কাদা মাঠ। জয়ী কোচ সাইফুল বারী টিটু বললেন, ‘এই মাঠে ভালো ফুটবল আশা করা যায় না। এ ছাড়া এমন মাঠে খেললে কমপক্ষে সাত দিনের বিশ্রাম দরকার।’ শেখ রাসেল কোচ শফিকুল ইসলাম মানিকের গলায়ও মাঠ নিয়ে হতাশা, ‘ভালো ফুটবলের জন্য ভালো মাঠ দরকার। এই মাঠে যা অসম্ভব।’

গোলের পর ‘জলকেলি’ ওলাদিপোর। ছবি: শামসুল হক
গোলের পর ‘জলকেলি’ ওলাদিপোর। ছবি: শামসুল হক

থিকথিকে কাদায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ দেখে মনে হচ্ছিল চষা ধানখেত। মাঠের দুরবস্থা দেখে মধ্যমাঠ ব্যবহার করার চেষ্টা করেনি কোনো দলই। ফলে মোট চার গোলের দুটি এসেছে দুই ফুল ব্যাকের লম্বা পাস থেকে, কর্নার থেকে একটি। অন্যটি আত্মঘাতী।

১১ মিনিটে জাহিদ হোসেনের কর্নারে ওলাদিপোর হেড জালে জড়ালে এগিয়ে যায় আবাহনী। ৫২ মিনিটে শেখ রাসেল সমতায় ফেরে আত্মঘাতী গোলে। মাঝমাঠ থেকে আসা এরিয়াল বল হেড করে গোলরক্ষক আশরাফুল রানার হাতে দিতে চেয়েছিলেন নাইজেরিয়ান সেন্টার ব্যাক এলিসন উদোকা। কিন্তু আবাহনী গোলরক্ষক রানা পোস্ট ছেড়ে বের হয়ে আসায় আত্মঘাতী গোল। মাঠের দুরবস্থা দেখে দুই দলই ‘ডাইরেক্ট ফুটবল’ অর্থাৎ লম্বা এরিয়াল পাসে খেলার চেষ্টা করে। আবাহনীর দ্বিতীয় গোলটি এসেছে এরিয়াল থ্রু থেকেই। ৭৩ মিনিটে রাইট ফুল ব্যাক মনুসর আমিনের এরিয়াল থ্রু থেকে হেডে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান ২-১ করেন ওলাদিপো। লিগে নাইজেরিয়ার ফরোয়ার্ডের এটি তৃতীয় গোল। ৮০ মিনিটে দলের তৃতীয় গোল করেছেন তৌহিদুল (৩-১)। লেফট ফুলব্যাক সুশান্ত ত্রিপুরার রক্ষণচেরা জোরালো পাসের বল পোস্ট ছেড়ে বের হয়ে আসা গোলরক্ষক জিয়াউর রহমান জিয়ার সামনে থেকে ছোঁ মেরে নিয়ে জালে জড়ান তিনি। তৌহিদুলের টানা চতুর্থ গোল এটি।

সবুজের সঙ্গে উড়ছে তাঁর দল চট্টগ্রাম আবাহনীও। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে তারা। অন্যদিকে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া শেখ রাসেলের পয়েন্ট ৪।