বঙ্গবন্ধুতেই আবদ্ধ প্রিমিয়ার লিগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ফুটবল লিগে আজও কোনো নির্দিষ্ট ধারা তৈরি হলো না। যখন যেভাবে খুশি খেলা হচ্ছে। লিগ নিয়ে যেন ছেলেখেলা করছে বাফুফে ও ক্লাব।

ঢাকা থেকে বেরিয়ে গত মৌসুমে ছয়টি ভেন্যুতে হয়েছিল প্রিমিয়ার লিগ। কিন্তু এবার লিগের ভেন্যু শুধু বঙ্গবন্ধু স্টেডিয়াম। চট্টগ্রাম আবাহনী চট্টগ্রামে ভেন্যু করতে চায়। কিন্তু অন্য ক্লাবগুলো চট্টগ্রাম যেতেও রাজি নয়! বাফুফে বলছে, ক্লাবগুলো ঢাকার বাইরে যেতে অনাগ্রহী। তবে শোনা যাচ্ছে সাইফ স্পোর্টিং যশোরে, শেখ রাসেল ফরিদপুরে ভেন্যু করতে চায়। কিন্তু এসব ব্যাপারে বাফুফেকে উদ্যোগী মনে হচ্ছে না।

লিগের স্বত্ব কিনে নেওয়া সাইফ গ্লোবাল স্পোর্টিং ৭টি ভেন্যুতে খেলা চালানোর শর্ত দিয়েছিল। কিন্তু এবার দুটি ভেন্যুতে খেলা হলে স্পনসর প্রতিষ্ঠান শর্ত অনুযায়ী ৪ কোটি টাকা দেবে না। দুই ভেন্যুতে খেলা হলে সর্বোচ্চ ১ কোটি ৭৫ লাখ টাকা দেবে স্পনসর প্রতিষ্ঠান। গতবার ক্লাবগুলোকে ৪০ লাখ করে অংশগ্রহণ ফি দেওয়ার কথা ছিল বাফুফের। দিয়েছে মাত্র ২৫-২৬ লাখ। এবার ক্লাব অংশগ্রহণ ফি চেয়েছে ৫০ লাখ টাকা। কিন্তু বাফুফে অঙ্কটা নামিয়ে এনেছে ১০ লাখ টাকায়! কাল লিগ কমিটির সভায় এমন সিদ্ধান্তই হয়েছে। চ্যাম্পিয়ন দলের জন্য অর্থ পুরস্কার ৩০ লাখ ও রানার্সআপের জন্য ২০ লাখ টাকা দাবি করেছিল ক্লাব। কিন্তু লিগ কমিটি অঙ্কটা ২০ লাখ ও ১০ লাখ করেছে। তবে পূর্বঘোষণা অনুযায়ী ১২ জুনই লিগ শুরু করতে চায় বাফুফে।