বছর শেষেও সেরা জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ বছর পর আবার বিশ্বের এক নম্বর দল হিসেবে বছর শেষ করল জার্মানি। কাল প্রকাশিত সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে অনেকটাই। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রেটিং পয়েন্ট ১৭২৫। বিশ্বকাপ রানার্সআপ আর্জেন্টিনা ১৫৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ১৪৫০ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া। গত সেপ্টেম্বর থেকেই অপরিবর্তিত আছে শীর্ষ তিন। চারে বেলজিয়াম। এরপরই দেশটির প্রতিবেশী হল্যান্ড। বিশ্বকাপে জার্মানির কাছে ৭ গোল খাওয়া ব্রাজিল বছরটা শেষ করেছে ছয়ে থেকে।
বিশ্বকাপের মতো র‌্যাঙ্কিংয়ের বর্ষসেরা দল হয়েছে জার্মানি। বছর শুরুর পয়েন্টের সঙ্গে আরও ৪০৭ পয়েন্ট যোগ বছরের সবচেয়ে উন্নতি করা দলও জার্মানরা। এই তালিকায় জার্মানির পরেই আছে স্লোভাকিয়া (২১তম, +৩৩৪ পয়েন্ট) ও বেলজিয়াম (৪র্থ, +৩১৯)।
সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পঞ্চাশে নেই কোনো এশীয় দল। এখানে ৩০ দল নিয়ে জয়জয়কার ইউরোপেরই। আফ্রিকার ১১টি, দক্ষিণ আমেরিকার ৬টি, উত্তর ও মধ্য আমেরিকার ৩টি দল আছে সেরা পঞ্চাশে। এশিয়ার সেরা দল ইরান ৫১তম।
সর্বশেষ এই র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ নেমে গেছে ১৬৫ নম্বরে। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে শুধু মালদ্বীপ (১৩০) ও আফগানিস্তান (১৪৩)। ফিফাডটকম।
ফিফা র‌্যাঙ্কিং শীর্ষ ১০
রেটিং
১. জার্মানি ১৭২৫
২. আর্জেন্টিনা ১৫৩৮
৩. কলম্বিয়া ১৪৫০
৪. বেলজিয়াম ১৪১৭
৫. হল্যান্ড ১৩৭৪
৬. ব্রাজিল ১৩১৬
৭. পর্তুগাল ১১৬০
৭. ফ্রান্স ১১৬০
৯. স্পেন ১১৪২
১০. উরুগুয়ে ১১৩৫