বছরের সবটুকু আলো এমবাপ্পের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন এমবাপ্পে। ছবি: টুইটার
ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন এমবাপ্পে। ছবি: টুইটার

কিছুদিন আগেই ২০-এ পা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। নিজের নামের পাশ থেকে ‘টিন এজার’ তকমা সরতে শুরু করেছে মাত্র। এর মধ্যেই বিশ্বের দ্বিতীয় দামি খেলোয়াড়, বিশ্বকাপ জয়; স্বপ্নের মতো এক সময় কাটাচ্ছেন তিনি। পিএসজির হয়েও নিজেকে অপরিহার্য এক তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জায়গা করে নিয়েছেন ব্যালন ডি’অরের সেরা পাঁচেও। এবার সবাইকে পেছনে ফেলে ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটাও নিজের করে নিয়েছেন এমবাপ্পে।

২০১৮ সালকে চাইলেই সোনা-হীরা দিয়ে বাঁধিয়ে রাখতে পারেন এমবাপ্পে। ক্যারিয়ারে ২০১৮ সালটা সব সময়ই অন্যরকম এক দ্যেতনা সৃষ্টি করবে। এই বছরই সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়নস লিগে ১০ গোল করার রেকর্ড ভেঙেছেন তিনি। মাত্র ১৮ বছর ১১ মাস বয়সেই ইউরোপ-সেরা ক্লাব প্রতিযোগিতায় ১০ গোল করে সবাইকে অবাক করে দিয়েছেন।

পিএসজির জার্সিতে জিতেছেন লিগ। জিতেছেন কোপা দ্য ফ্রান্স আর কোপা দ্য লিগ। বিশ্বকাপে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। গ্রুপ পর্বে পেরুর বিপক্ষে ম্যাচে জয়সূচক গোল করেন এমবাপ্পে। শেষ ষোলোতে একাই বিদায়বার্তা নিশ্চিত করেছেন আর্জেন্টিনার। দুই গোল এক এসিস্টে আর্জেন্টিনার বিদায় ঠিক করে দেন নিজেই। আর বিশ্বকাপ ফাইনালে গোল করে ছাড়িয়ে গিয়েছেন পেলেকে। বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে কম বয়সে গোল করে আবারও রেকর্ড বইয়ে নিজের নাম লিখেছেন এমবাপ্পে। তার সঙ্গে বিশ্বকাপ শিরোপা জেতা তো আছেই।

বিশ্বকাপের পারফরম্যান্সই তাঁকে ফিফা প্রো একাদশে জায়গা করে দেয়। শুধু তাই নয়, বিশ্বকাপ ‘ড্রিম টিমে’ও সুযোগ পান সকলের সঙ্গে। বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের ট্রফিটাও জিতেছেন ফ্রান্সের এই তরুণ প্রতিভা। গত মৌসুমে ধারে পিএসজিতে খেললেও বিশ্বকাপের পর বিশ্বের সবচেয়ে দামি ‘টিনএজার’ হিসেবে মোনাকো থেকে তাঁকে পাকাপাকিভাবে নিয়ে আসে পিএসজি। ১৮০ মিলিয়ন ইউরো দিয়ে কেনার পর বিশ্বের দ্বিতীয় দামি খেলোয়াড় এখন তিনি। এই মৌসুমেই তাকে দেওয়া হয় ‘সাত’ নম্বর জার্সি। যে জার্সিতে পিএসজি মাতিয়ে গিয়েছেন ব্রাজিলের লিওনার্দো, পর্তুগালের হেল্ডার বাতিস্ততারা। মৌসুমে এ পর্যন্ত করেছেন ১৯ ম্যাচে ১৬ গোল। ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়ে খুব ভালো অবস্থানেই আছেন। বছর শেষে প্রথমবারের মতো দেওয়া কোপা ট্রফি জিতে নিয়েছেন এমবাপ্পে। ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে বছরের সেরা তরুণ খেলোয়াড়কে দেওয়া হয়েছে এই পুরস্কার। ব্যালন ডি’অর তালিকায় ছিলেন চতুর্থস্থানে।
প্রতিবছর ফ্রেঞ্চ ফুটবল থেকে ব্যালন ডি’অরের পাশাপাশি ফ্রান্সের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। এবার সেই ভোটাভুটিতে সবচেয়ে বেশি ভোট পেয়ে পুরস্কার নিজের করে নিয়েছেন এমবাপ্পে। প্রতিবারের মতো এবারও পুরস্কারের সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন তিনি।