বছরের সেরা কোচের দলের মতোই খেলল লিভারপুল

রেকর্ডগড়া জয় পেল লিভারপুল।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২০ সালের সেরা কোচ ইয়ুর্গেন ক্লপ ছিলেন কি না, এ নিয়ে তর্ক হতে পারে। ট্রেবল জেতা বায়ার্ন মিউনিখ কোচ হান্সি ফ্লিকের বদলে ক্লপের ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার জেতা নিয়ে আলোচনা তাই বেশ ঝড় তুলেছিল। আজ অন্তত সেরা কোচ হিসেবে ক্লপকে মেনে নিতে আপত্তি হওয়ার কথা নয়। ক্রিস্টাল প্যালেসের মাঠে গিয়ে যে রেকর্ড গড়ে এসেছে লিভারপুল। ফিরমিনো-সালাহরা ৭-০ গোলে উড়িয়ে দিয়ে এসেছেন প্রতিপক্ষকে।

এই প্রথম প্রিমিয়ার লিগে ভিন্ন সাতজন এক ম্যাচে গোলে সহায়তা করলেন।

মৌসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছিল লিভারপুল। এরপর থেকেই প্রতিপক্ষের মাঠ মানেই লিভারপুলের হতাশা। কোনো জয় নেই, অ্যাস্টন ভিলার মাঠে ৭-২ গোলের হারার লজ্জা আছে। সে দলই জয়ের ধারায় ফিরল রেকর্ড বই ওলটপালট করে। ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে প্রতিপক্ষের মাঠে এত বড় ব্যবধানে কখনো জয় পায়নি লিভারপুল। উল্টো দিকে হতাশার রেকর্ডটি ক্রিস্টাল প্যালেসের। ঘরের মাঠে যে এই প্রথম সাত গোল খেল দলটি।

লিভারপুলের হয়ে লিগে প্রথম গোল মিনামিনোর।
ছবি: এএফপি

ম্যাচের আগে ক্লপের দল নির্বাচন নিয়ে গুঞ্জন উঠেছিল। গত সপ্তাহেই টটেনহামের বিপক্ষে গোল করেছেন মোহামেদ সালাহ। কিন্তু তাঁকে আজ বেঞ্চে রেখে দিয়েছেন কোচ। এর পেছনে স্প্যানিশ দৈনিক এএসের কাছে দেওয়া এক সাক্ষাৎকার প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছিল। সেখানে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনের হতেও পারে, এমন একটা ভাব দেখিয়েছেন সালাহ। আর ক্লপের দল নির্বাচন নিয়ে হতাশার কথাও জানিয়েছিলেন।

জোড়া গোল করেছেন ফিরমিনো।
ছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মূল খেলোয়াড়দের অধিকাংশকে বিশ্রাম দিয়েছিলেন ক্লপ। তবে সালাহ ঠিকই নেমেছিলেন। এমন এক ম্যাচে নিজের হাতে অধিনায়কের বাহুবন্ধনী আশা করেছিলেন সালাহ। কিন্তু অভিজ্ঞ সালাহ নয়, ক্লপের কাছ থেকে সে দায়িত্ব পেয়েছেন তরুণ আলেক্সান্ডার আরনল্ড। সে হতাশার কথা জানানোতেই সালাহকে বেঞ্চে পাঠানো হয়েছে—এমন এক খবর ছড়িয়ে পড়েছিল। সেই সালাহই ৫৭ মিনিটে মাঠে নামার পর দুই গোল করলেন, সতীর্থকে দিয়ে করালেন আরেক গোল।

গোলার মতো এক শটে দ্বিতীয় গোলটি করছেন সালাহ।
ছবি: এএফপি

সালাহর এ অবদান অবশ্য শুধু জয়ের অলংকার বাড়িয়েছে। সালাহ নামার আগেই চার গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। আর ম্যাচ তো প্রথমার্ধেই শেষ। তিন মিনিটেই গোল পেয়েছেন তাকুমি মিনামিনো। লিভারপুলের জার্সিতে এই জাপানিজ ফরোয়ার্ডের প্রথম লিগ গোলের আনন্দটা দ্বিগুণ হয়েছে ৩৫ মিনিটে। সাদিও মানের গোলের ৯ মিনিট পরই দলকে তৃতীয়বারের মতো এগিয়ে দিয়েছেন রবার্তো ফিরমিনো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই হেন্ডারসন গোল করেছেন। ৬৮ মিনিটে সালাহর পাস দ্বিতীয় গোল পেয়েছেন ফিরমিনো। ৮২ ও ৮৪ মিনিটে দুই গোল করেছেন সালাহ।