বছরের সেরা ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফপ্রো একাদশ ২০১৫
ফিফপ্রো একাদশ ২০১৫

ম্যানুয়েল নয়্যার বল দিলেন দানি আলভেজকে। তাঁর পাস গেল সার্জিও রামোসের কাছে। এরপর থিয়াগো সিলভা আর মার্সেলোর পা ঘুরে বল পেলেন লুকা মডরিচ। কয়েকটা ড্রিবলিংয়ের পর মডরিচের দুর্দান্ত পাস আন্দ্রেস ইনিয়েস্তাকে। মিডফিল্ড থেকে ইনিয়েস্তার ক্রস পল পগবার কাছে। এরপর নেইমারের পা ঘুরে লিওনেল মেসি। যথারীতি কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির অসাধারণ পাস ক্রিস্টিয়ানো রোনালদোকে। এই সুযোগ কি আর নষ্ট করেন রোনালদো! ডান পায়ে বুলেট গতির শট—গোল!
ভাবছেন, এটা আবার কোন দল? গোলটাই বা কার বিপক্ষে?
না, সত্যি সত্যি কোনো ম্যাচের গোল নয় এটি। তবে পরশু জুরিখে ব্যালন ডি’অরের রাতে এমনই একটা গোলের কোলাজ ভিডিও বানিয়ে দেখানো হলো বড় পর্দায়। যে ১১ জনের পায়ের ছোঁয়া পেল বল, সেটিই ২০১৫ সালে ফিফপ্রো সেরা একাদশ। যে একাদশ বেছে নেওয়া হয়েছে সারা বিশ্বের প্রায় ২০ হাজারের বেশি পেশাদার ফুটবলারদের ভোটে।
যথারীতি এখানেও লা লিগার দুই পরাশক্তি বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের আধিপত্য। ১১ জনের আটজনই এই দুই ক্লাব থেকে। বার্সেলোনা ও রিয়াল দুই দল থেকেই চারজন করে। বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস আর পিএসজির আছেন একজন করে।
যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের সবার সঙ্গে হয়তো বর্ষসেরা একাদশটা মেলেনি। তবে জুরিখে পরশু এমন একজনকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যার বেছে নেওয়া একাদশটা হুবহু মিলে গেছে বর্ষসেরা একাদশের সঙ্গে। ১৫ বছর বয়সী সেই ড্যানিশ গোলরক্ষকের নাম স্যামুয়েল সেবাস্তিয়ান।
অনুষ্ঠানের উপস্থাপক আইরিশ অভিনেতা জেমস নেসবিট একটা সারপ্রাইজও দিলেন সেবাস্তিয়ানকে। একাদশ মিলে যাওয়ার পুরস্কার হিসেবে তাঁকে সুযোগ দেওয়া হলো সেরা একাদশের যেকোনো একজনকে খেলোয়াড়কে একটা প্রশ্ন করার। প্রিয় খেলোয়াড় রোনালদোকে এভাবে মঞ্চে উঠে প্রশ্ন করতে পারবেন, এ যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল সেবাস্তিয়ানের কাছে।
সেরা একাদশ নাহয় হলো। কিন্তু এমন একটা দলের কোচ হবেন কে, আর এমন একটা দল পেলে তাঁর কৌশলই বা কী হবে? অনেকের মনের এই প্রশ্নটা যেন বুঝতে পারলেন উপস্থাপক নেসবিট। মাইক্রোফোন নিয়ে ছুটে গেলেন গ্যালারিতে। সেখানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বসে আছেন কিংবদন্তি ডাচ ফুটবলার মার্কো ফন বাস্তেন। খেলোয়াড়ি জীবন শেষে এখন তিনি কোচ। নেসবিট প্রশ্নটা ছুড়ে দিলেন ফন বাস্তেনকে। ডাচ কিংবদন্তি কী বলেছেন শুনুন, ‘যদি সব চ্যাম্পিয়নকে নিয়ে এমন একটা দল পাই, কোচ হিসেবে সবচেয়ে ভালো হবে চুপ করে বসে থাকা। শুভকামনা জানিয়ে ওদের খেলাটা উপভোগ করা। ওরা সবাই চ্যাম্পিয়ন, ওরা তো জানেই কী করতে হবে।’
আসলেই তো। এমন দলের আবার কোচিং দরকার হয় নাকি!
ফিফপ্রো একাদশ ২০১৫
ক্রিস্টিয়ানো রোনালদো
পর্তুগাল
লিওনেল মেসি
আর্জেন্টিনা
নেইমার
ব্রাজিল
আন্দ্রেস ইনিয়েস্তা
স্পেন
লুকা মডরিচ
ক্রোয়েশিয়া
পল পগবা
ফ্রান্স
মার্সেলো
ব্রাজিল
থিয়াগো সিলভা
ব্রাজিল
সার্জিও রামোস
স্পেন
দানি আলভেজ
ব্রাজিল
ম্যানুয়েল নয়্যার
জার্মানি