শেষ বাঁশির ঠিক আগে গোল খেয়ে অনেক ম্যাচেই হেরেছে বাংলাদেশ। কখনো ড্র করে হাতছাড়া করেছে জয়। ২ জুন তাজিকিস্তানের সঙ্গেও এমন কিছু ঘটা মানে চাপটা আরও তীব্র হবে। লোডভিক ডি ক্রুইফ তাই সতর্ক। শেষ ১৫ মিনিটে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার রোগ সারাতে ওষুধের ডোজটা এখন একটু বেশিই প্রয়োগ করছেন এই ডাচ।
২৯ মে তাজিকিস্তান রওনা হওয়ার আগে এখন দুবেলা অনুশীলনের অনেকটা অংশ জুড়েই খেলোয়াড়দের শেষ ক্ষণ পর্যন্ত মনোযোগ ধরে রাখার ক্লাসও রাখছেন। হার না-মানা মানসিকতাও গড়তে চাইছেন কোচ। কারণ, তাঁর অভিজ্ঞতা বলছে, বাংলাদেশের ফুটবলাররা খেই হারিয়ে অনেক সময়ই ম্যাচ তুলে দেন প্রতিপক্ষের হাতে।
কাল কমলাপুর স্টেডিয়ামে ডি ক্রুইফ সেটিই বলছিলেন। এখানেই তুলে ধরেন শেষ ১৫ মিনিট-তত্ত্বটাও, ‘শেষ ১৫ মিনিটে ছেলেরা ম্যাচ ধরে রাখতে পারে না। এটা নিয়ে আমি আগেও অখুশি ছিলাম, এখনো অখুশি। মূলত মনোযোগের অভাবেই এমনটা ঘটছে। এই দিকটাতে উন্নতির চেষ্টা করছি।’ বিশ্বকাপ বাছাইপর্বে তাজিকিস্তানের সঙ্গে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৮৩ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও গোল খেয়ে ড্র। আফগানিস্তানের সঙ্গে ঢাকায় প্রীতি ম্যাচে এগিয়ে থেকেও শেষ সময়ে গোল খেয়ে ড্র। ২০১৫ বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে শেষ সময়ের হতাশা সবারই মনে থাকার কথা। ২-২ ম্যাচ শেষ মুহূর্তে হয়ে গেল ৩-২। এই ম্যাচগুলো জিতলে পরিস্থিতিটা থাকত অন্য রকম।
শুধু শেষ সময়ে গোল খাওয়া নয়, মরণব্যাধির নাম সেট-পিচও। সাম্প্রতিক সময়ে ষাট-সত্তর শতাংশ গোলই দল খেয়েছে ফ্রি-কিক বা কর্নারে। অহেতুক বক্সের আশপাশে ফাউল করে ডেকে এনেছে বিপদ। ডি ক্রুইফ ফ্রি-কিক ও কর্নার নিয়ে আবারও নিজের শঙ্কাটা জানালেন, ‘ফ্রি-কিকে সমস্যা আছে। কর্নারেও গোল হয়ে যায়। কাজেই এগুলোর ওপর বিশেষ জোর দিয়েছি। কোনোভাবেই সেট-পিচে গোল খাওয়া যাবে না।’
কিন্তু প্রস্তুতি ম্যাচও তো দরকার। ২০১৯ এশিয়ান কাপের বাছাইয়ে ঢোকার এই প্রথম প্লে-অফের জন্য একটা অনুশীলন ম্যাচ আয়োজন করতে গলদঘর্ম বাফুফে। তাজিকিস্তান যাওয়ার পথে আরব আমিরাতের সঙ্গে একটা ম্যাচ খেলার আগ্রহ জানিয়ে সে দেশে চিঠি পাঠালেও গতকাল পর্যন্ত সাড়া মেলেনি।
তবে প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রকাশ্যে কোচ কিছু বলছেন না। তাঁর চোখে এখন পর্যন্ত যা হয়েছে সবই সন্তোষজনক, ‘অনুশীলন ম্যাচ পেলে ভালো। সে ক্ষেত্রে আশি-নব্বই ভাগ বুঝতে পারতাম দলটার আসলে কী অবস্থা। তবে অনুশীলন ম্যাচ না পেলেও সমস্যা নেই।’ সমস্যা না হলে তো ভালোই। কিন্তু বাস্তবতা ভিন্ন। তাজিকিস্তানের সঙ্গে তাদেরই মাঠে সর্বশেষ ম্যাচে ৫ গোল খেয়ে এসেছে বাংলাদেশ!