বড্ড দেরিতে ফিরলেন মুলার!

ইউরোতে কী যেন একটা ভর করেছিল তাঁর ওপর। কে জানে, কেউ হয়তো জাদুটোনাও করতে পারে! নইলে জার্মানির জার্সি গায়ে টমাস মুলার যেমন অপ্রতিরোধ্য, ইউরোতে তিনি একটি গোলও পাবেন না কেন? ইউরো শেষ, মুলার আবার ফিরেছেন আগের সেই ফর্মে। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে জোড়া গোল করেছেন, নরওয়েকেও জার্মানি ৩-০ গোলে হারিয়েছে অনায়াসেই।
২০১০ সালে নিজের প্রথম বিশ্বকাপেই জার্মানির হয়ে পাঁচ গোল করেছিলেন। পরেরবার ও আগের কীর্তির পুনরাবৃত্তি, এবার সঙ্গে শিরোপা জেতার আনন্দ। বড় টুর্নামেন্টে মুলার মানেই যেন দারুণ কিছুর উপলক্ষ। কিন্তু ইউরোতে একদমই যেন নিজেকে হারিয়ে খুঁজলেন, একটি গোলও পেলেন না। জার্মানিও বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকেই।
কাল নরওয়ের সঙ্গে জোড়া গোলের পর জার্মানি কোচ জোয়াকিম লো একটু রসিকতাও করলেন, ‘মুলার যদি কালকের গোল দুটি ইউরোতে করত, তাহলেই বেশি ভালো হতো। সেখানে অবশ্য সে গোল করার জন্য সম্ভাব্য সবকিছুই করেছিল, কিন্তু ভাগ্য ওর পক্ষে ছিল না।’
১৬ মিনিটে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে মুলারই এগিয়ে দিয়েছেন জার্মানিকে। ৪৫ মিনিড়ে জশুয়া কিমিখ ব্যবধান দ্বিগুণ করেছেন। ৬০ মিনিটে মুলার পেয়েছেন নিজের দ্বিতীয় গোল।