বদলা চায় আইভরিকোস্ট
আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে এই কঙ্গোর কাছেই ৪-৩ গোলে হেরেছিল আইভরিকোস্ট। সেমিফাইনালে আবার মুখোমুখি দুই প্রতিপক্ষ। শোধ নেওয়ার কথাই কি ভাবছে না আইভরিয়ানরা?
ট্রফির হিসেবে কঙ্গোই এগিয়ে। আফ্রিকান নেশনস কাপের দুবারের চ্যাম্পিয়ন (১৯৬৮ ও ১৯৭৪) তারা। আইভরিকোস্ট শিরোপা জিতেছে একবারই, ১৯৯২ সালে। তবে নেশনস কাপের গত কয়েকটি আসরের পারফরম্যান্স বিচার করলে আইভরিকোস্টকেই এগিয়ে রাখতে হবে। কঙ্গো সর্বশেষ শেষ চারে খেলেছে ১৯৯৮ সালে। অন্যদিকে গত ১০ বছরে তিনবার (২০০৬, ২০০৮ ও ২০১২) সেমিফাইনালে খেলেছে আইভরি কোস্ট। শক্তির বিচারে এগিয়ে থাকার পরও অবশ্য বাছাইপর্বে কঙ্গোর কাছে ম্যাচটা হেরে গিয়েছিল আইভরিকোস্ট। আজ তাই আইভরিয়ানরা বদলা নিতে মুখিয়ে থাকবে বলেই মনে করেন কঙ্গো কোচ ফ্লোরেন্ট ইবেঙ্গে, ‘বাছাইপর্বে তাদের মাঠে তাদের হারিয়ে আমরা তাদের সম্মানে আঘাত করেছি। দ্রগবা আর ইয়া ইয়া তোরের প্রজন্ম কখনো আমাদের কাছে হারেনি। তারা তো চাইবেই সেই হারের শোধ নিতে। কিন্তু আমরাও তৈরি।’ শুধু শোধ নয়, আইভরিকোস্ট মিডফিল্ডার ম্যাক্স আলাইন গ্রাদেলের চোখ অবশ্য আরও দূরে, ‘আমরা এ টুর্নামেন্টের শেষ পর্যন্ত যেতে চাই। ফিরতে চাই চূড়ান্ত সফলতা নিয়ে।’ এএফপি।