বদলা নিতে চায় ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিভিয়ের জিরু
অলিভিয়ের জিরু

প্রকৃতি রহস্য ভালোবাসে। এ কারণেই কি মার্শেইয়ের সেমিফাইনালের দিন ঠিক হলো ৭ জুলাই! নাকি উয়েফা ভেবেচিন্তেই দিনক্ষণ ঠিক করে রেখেছিল! ইউরোর ড্রয়ের পরই বোঝা গিয়েছিল, কোনো অঘটন না হলে এ দিন মুখোমুখি হবে ফ্রান্স-জার্মানি। ৩৪ বছরের পুরোনো ক্ষত আবারও রক্ত ঝরাবে ফরাসিদের মনে। জেগে উঠবে প্রতিশোধস্পৃহা।
১৯৮২ বিশ্বকাপ সেমিফাইনালের স্মৃতি ফরাসিদের বুকে এখনো দাউ দাউ করে জ্বলে। জার্মান গোলরক্ষক টনি শুমাখারের লাথি ও ধাক্কায় সেদিন স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হয়েছিল ফ্রান্সের প্যাট্রিক বাতিস্তনকে। বাতিস্তনের পাঁজরের হাড় ভেঙেছিল তিনটি, পড়ে গিয়েছিল দাঁত, অথচ কোনো শাস্তিই পেতে হয়নি শুমাখারকে। ঘটনাটি যে চোখেই পড়েনি রেফারির! সে ম্যাচে টাইব্রেকারে জিতেছিল (পশ্চিম) জার্মানিই। ফ্রান্সের অনেকেই বিশ্বাস করে, ওই ঘটনা না ঘটলে প্রথম বিশ্বকাপ জিততে ১৯৯৮ পর্যন্ত অপেক্ষা করতে হতো না।
সেভিয়ার ওই ম্যাচটা হয়েছিল ৮ জুলাই। এবার দুই দল মুখোমুখি হচ্ছে তার ঠিক এক দিন আগে। আইসল্যান্ডকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে ফ্রান্স সেমিফাইনালে উঠে যাওয়ার পর থেকে তাই বাতাসে ভেসে বেড়াচ্ছে একটিই শব্দ—‘প্রতিশোধ’!
কোয়ার্টার ফাইনালের ম্যাচসেরা অলিভিয়ের জিরুর কণ্ঠেও বদলা নেওয়ার প্রতিজ্ঞা, ‘দারুণ ম্যাচ হবে এটি। বিশ্বকাপের বদলা নিতে মুখিয়ে আছি আমরা।’ জিরু অবশ্য গত বিশ্বকাপের ম্যাচের কথাই বলছেন। দুই বছর আগে ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরেছে ফ্রান্স। জিরুর ভালোই মনে আছে সেটি, ‘সম্পূর্ণ ভিন্ন একটি ম্যাচ হবে এটি। ওরা বিশ্ব চ্যাম্পিয়ন এবং প্রায়ই বড় প্রতিযোগিতার শেষ চারে থাকে। আমরা কি আত্মবিশ্বাসী? না, ওরাই ফেবারিট, কিন্তু আমরা ফ্রান্সের ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করতে চাই।’
শুধু ২০১৪ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল নয়, ১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনালেও জার্মানির কাছে হেরেছে ফ্রান্স। ইউরোতে নিজেদের প্রথম লড়াইয়ে জিতলে সেটি তো হবে নতুন ইতিহাসই। ভাগ্যও যেন একটু সহায়তার হাত বাড়াচ্ছে ফ্রান্সের দিকে। নিষেধাজ্ঞার কারণে থাকছেন না গত বিশ্বকাপের ম্যাচ জেতানো ম্যাটস হামেলস, চোটের কারণে স্যামি খেদিরা। মারিও গোমেজ তো ছিটকে পড়েছেন টুর্নামেন্ট থেকেই। অনিশ্চয়তা আছে বাস্তিয়ান শোয়েনস্টাইগারকে নিয়েও।
আর স্বাগতিক হিসেবে বাড়তি সুবিধা তো ফ্রান্সের আছেই। জার্মান কোচ জোয়াকিম লো যেটিকে একদমই গুরুত্ব দিতে রাজি নন, ‘ব্রাজিলেও এ রকম পরিস্থিতিতে খেলেছি। সেমিফাইনালে স্বাগতিকদের বিপক্ষে খেলেছি। ২০ কোটি মানুষের সমর্থন ছিল তাদের পেছনে। আমরা সেদিন ভালোই করেছি (৭-১)। আমি নিশ্চিত, এবারও এই চাপ সামলাতে পারব।’
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা জানিয়েও সেরাটা ঠেলে দেওয়ার প্রতিজ্ঞা ছড়িয়ে দিতে চাইলেন দলে, ‘ইতালি হয়তো কিছুটা ভয় দেখিয়েছিল, কিন্তু জার্মানিই যে সেরা দল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ওরা বিরল দলগুলোর একটি, যারা ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারে। তবে আমরাও শেষ চারে এসেছি, নিজেদের সেরাটাই ঢেলে দেব।’ এএফপি, রয়টার্স।