বদলাবেন না কস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি-রোনালদোদের সঙ্গে পাল্লা দিয়ে গোল করেছেন। গত মৌসুমে রিয়াল-বার্সাকে পেছনে ফেলে অ্যাটলেটিকো মাদ্রিদের লা লিগা জয়ে বড় ভূমিকা ডিয়েগো কস্তার। ব্রাজিলিয়ান পাসপোর্ট বদলে স্পেনের নাগরিকত্ব নেওয়া এই স্ট্রাইকার পাল্টে ফেলেছেন ক্লাবও। স্পেন ছেড়ে পাড়ি জমিয়েছেন ইংলিশ ক্লাব চেলসিতে।
নতুন ক্লাব, নতুন মৌসুম। ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের জন্য চ্যালেঞ্জটাও নতুন। এই মিশনে নিজেকে বদলাতে চান না কস্তা। যেভাবে খেলে লা লিগা মাতিয়েছেন, ইংলিশ লিগেও খেলতে চান সেভাবেই। কোচ হোসে মরিনহোরও নাকি তাতে সায় আছে।
পরশু ইংলিশ ক্লাবটির নিজস্ব টেলিভিশন চ্যানেল চেলসি টিভিকে কস্তা শোনালেন কোচের আস্থার কথা, ‘তাঁর (মরিনহো) কথার মূল সুর হচ্ছে, তিনি চান না আমি বদলে যাই।’
কেন খেলার ধরন বদলানোর প্রয়োজন নেই কস্তা সেটার ব্যাখ্যা দিয়েছেন, ‘আমাকে কেনার সিদ্ধান্তটা হোসে (মরিনহো) ও ক্লাবের। অ্যাটলেটিকোতে যেভাবে খেলেছি সেই খেলা দেখেই তারা আমার সঙ্গে চুক্তি করেছে। মনে হয় না আমার বেশি কিছু পরিবর্তনের দরকার আছে। আরও ভালো করতে সূক্ষ্ম কিছু উন্নতি দরকার। আশা করছি, এবারও গত মৌসুমের মতোই ভালো যাবে।’ এএফপি।