বদলাল না ক্লপের ফাইনাল-ভাগ্য

ম্যাচের আগেই কথাটা উঠেছে বারবার। ইয়ুর্গেন ক্লপ কি পারবেন তাঁর ফাইনাল-ভাগ্য বদলাতে? বরুসিয়া ডর্টমুন্ডে থাকার সময় সর্বশেষ তিনটি নকআউট টুর্নামেন্টের ফাইনালেই তিনি জিততে পারেননি—দুটি জার্মান কাপ ফাইনাল (২০১৪ ও ২০১৫), আর ২০১৩ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। লিভারপুলে এসেও প্রথমবারে ধারাটা বদলাতে পারেননি ক্লপ। লিগ কাপের ফাইনালে দলকে তুলে নিয়েও টাইব্রেকারে হারতে হয়েছে ম্যানচেস্টার সিটির কাছে। সব মিলিয়ে পাঁচটি ফাইনালে উঠে জয় পেয়েছেন মাত্র একটিতে, ২০১২ জার্মান কাপ ফাইনালে। এবার কী হবে?
না, শেষ পর্যন্ত ফাইনাল-ভাগ্য বদলাতে পারেননি ক্লপ। কাল ইউরোপা লিগের ফাইনালেও সেভিয়ার কাছে ৩-১ গোলে হেরে তাঁর দল লিভারপুলের শিরোপা-স্বপ্নের সমাধি হয়েছে। শেষ হয়ে গেছে আগামী মৌসুমে মহাদেশীয় টুর্নামেন্টে খেলার আশাও।
লিভারপুলই এগিয়ে গিয়েছিল প্রথম গোল করে। ৩৫ মিনিটে ড্যানিয়েল স্টারিজের দুর্দান্ত ফিনিশিং অ্যানফিল্ড সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দিলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই কেভিন গেমেইরোর সমতাসূচক গোল খেলার দৃশ্যপট পাল্টে দেয়। ম্যাচের নিয়ন্ত্রণ হাতে তুলে নেয় সেভিয়া। এরপরের গল্পটা সেভিয়ার স্প্যানিশ মিডফিল্ডার কোকের। মাত্র ৬ মিনিটের ব্যবধানে তাঁর জোড়া গোল ম্যাচ থেকে ছিটকে দিল লিভারপুলকে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে যখন এলেন, ক্লপ মনে মনে প্রস্তুতই হয়ে এসেছিলেন টানা পঞ্চম ফাইনাল হারের খোঁচা শোনার। সে কারণেই হয়তো কিছুটা রসিকতারও আশ্রয় নিলেন, ‘আবারও একটি ফাইনালে যাওয়ার জন্য আমি আমার সবকিছু দিয়েই চেষ্টা চালাব। জানি না এই কথাটা বলে আমি সবার হাসির পাত্র হলাম কি না!’
এর পরপরই যেন ইচ্ছা করেই নিজের জীবনবোধ সম্পর্কে ধারণা দিলেন তিনি, ‘জীবনে ফুটবলই তো সবকিছু নয়। এটা জীবনের খুবই ক্ষুদ্র একটা অংশ। ফুটবলের বাইরের জীবনটা আমার চমৎকার। সেখানে আমি যথেষ্ট ভাগ্যবান। ফুটবলেও আমি ভাগ্যবান। এই যে আমি লিভারপুলের মতো ঐতিহ্যবাহী ক্লাবের কোচ হিসেবে আপনাদের সঙ্গে কথা বলছি—আমি কী ভাগ্যবান নই?’
আপাতত লিভারপুল সমর্থকদের সান্ত্বনাই দিচ্ছেন ক্লপ। কথা দিয়েছেন দলকে দারুণভাবে তৈরি করেই ফিরবেন পরের টুর্নামেন্টে, ‘আমরা আজ যা খেলেছি, তা আমাদের সামর্থ্যের ৫০ থেকে ৬০ শতাংশ। আমি কথা দিচ্ছি আজকের এই হার আমাদের বদলে দেবে। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। এমন একদিন আসবে যখন সবাই বলবে, সেভিয়ার বিপক্ষে ইউরোপার ফাইনালটিই ছিল লিভারপুলের ইতিহাসে বড় টার্নিং পয়েন্ট।’ সূত্র: রয়টার্স।