>১৩ মে ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়াবে নতুন ফুটবল মৌসুম। শিরোপাপ্রত্যাশী দলগুলোকে নিয়ে এই ধারাবাহিকের তৃতীয় দিন আজ থাকছে শেখ জামাল ক্রীড়াচক্র

বিকেল চারটায় অনুশীলন শুরুর দুই ঘণ্টা আগেই ক্লাবে চলে এলেন যোসেফ আপুসি। ক্লাব চত্বরে শিশুদের খেলার জায়গায় পেতে রাখা ছাতার নিচে বসে দ্য পাওয়ার অব ফোকাস বইটি পড়ছিলেন। জীবনে কীভাবে সাফল্য পেতে হয়, সেটা ফুটবল মাঠ বা অন্য কোনো ক্ষেত্র হোক, যোসেফ আপুসির সেই সব সূত্র জানা চাই।
শেখ জামালকে দুটি লিগ ও একটি ফেডারেশন কাপ জিতিয়েছেন। কলকাতার আইএফএ শিল্ডে চোখ-ধাঁধানো নৈপুণ্য দেখিয়ে রানার্সআপ। কিরগিজস্তানে এএফসি কাপে গ্রুপ চ্যাম্পিয়ন শেখ জামালও ছিল তাঁরই হাতে গড়া দল। সাফল্য তো কম দেননি শেখ জামালকে। তবু আরও চান, আরও চান আপুসি।
কিন্তু শেখ জামালের ব্যবস্থাপনা কী চায়? ঠিক এই জায়গায় আলো ফেললে দু-তিন বছর আগের শেখ জামাল আর এখনকার শেখ জামালে অনেক পার্থক্য বেরিয়ে আসে। ২০০৯-১০ মৌসুমে ঢাকার ফুটবলে আবির্ভাবেই কাঁড়ি কাঁড়ি টাকায় তারকানির্ভর দল গড়ার যে আক্রমণাত্মক মানসিকতা ছিল ক্লাবটির, এখন সেটি হারিয়ে গেছে। ক্লাবের চাকচিক্য এবং সুযোগ–সুবিধা বেড়েছে, কিন্তু বড় দল গড়ার ব্যাপারে মাঠের বাইরে শেখ জামালের মানসিকতা অনেকটাই রক্ষণাত্মক।
এই শেখ জামাল আর তারকার পেছনে ছোটা দল নয়, এই দলে এখন অখ্যাত নবীনের সমাহার। আগে শেখ জামালের খেলোয়াড়দের নাম সবার মুখস্থ ছিল, এখন ক্লাব কর্তাদের তিন-চারটি নাম বলে থেমে যেতে হয়। এই জায়গায় সম্প্রতি বিরাট এক পরিবর্তন ঘটে গেছে শেখ জামালের।
দলবদলে এবার বড়শিতে বড় মাছ গাঁথার কোনো চেষ্টা করেনি শেখ জামাল। পুরোনো মুখ ইয়াছিন, এনামুল, কেষ্ট, জাহেদদের রাখা হয়েছে বিশেষ বিবেচনায়। দলটির ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল কাল ক্লাব চত্বরে বসে সেটাই বলে যান, ‘আরে, কাদের ভাই তো এবার পুরোনো কাউকেই রাখতে চাননি। পুরোপুরি নবীনদের নিয়ে একটা দল গড়তে চেয়েছিলেন। আমরা বলে-কয়ে কয়েকজন সিনিয়রকে রেখেছি।’
ডিফেন্ডার ইয়াছিনকে ৫০ লাখ টাকা দেওয়ার কথা শোনা যাচ্ছে। বড় অঙ্ক পাচ্ছেন আর এক-দুজন। বাকিদের চুক্তির অঙ্ক বেশ ছোটই। খেলোয়াড়দের পেছনে আর কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতে তীব্র অনীহা টিম ম্যানেজমেন্টের।
কিন্তু এর অর্থ এই নয়, শেখ জামালের ক্ষুধা পুরোপুরি মরে গেছে। সিনিয়র খেলোয়াড় জাহেদ পারভেজ চৌধুরী যা বুঝিয়ে দিলেন, ‘আমাদের ওপর সেভাবে চাপ নেই এবার। এটাই সবচেয়ে বড় পজিটিভ দিক। আর এটা কাজে লাগিয়ে আমরা চাইব সব ট্রফিই জিততে।’ কথাটা অন্য খেলোয়াড়দের মুখেও শোনা গেল। গোলরক্ষক কোচ মোশাররফ বাদল অনুশীলনে নামার আগে বললেন, ‘নবীনদের কাছ থেকে সেরাটা বের করতে পারলে শেখ জামাল চ্যাম্পিয়ন হতে পারবে আশা করি।’
কিন্তু যুদ্ধ জিততে অস্ত্র-গোলাবারুদ লাগে। এই শেখ জামালে সেটি কতটা আছে? গত কয়েক বছরে ত্রিফলা আক্রমণ গড়ে তোলা ওয়েডসন, এমেকা, ল্যান্ডিং কেউই এবার নেই। নতুন আসা নাইজেরিয়ান স্ট্রাইকার রাফায়েল বা গাম্বিয়ান মোমুদু বাহ্ কেমন করেন, তা এখনো অজানা। তাঁরা দুজনই এবার শেখ জামালের স্ট্রাইকার। আক্রমণভাগে আরও থাকবেন স্থানীয় দুজন জাভেদ ও সোহেল মিয়া।
মামুনুল ছিলেন এই দলের প্লে-মেকার, কখনো সনি নর্দে। সেই জায়গায় এখন আর বড় নাম নেই। মাঝমাঠে জাহেদ, এনামুলদের সঙ্গে আলী, জুকু, রাকিব রুবেলরা নতুন। রক্ষণেও ইয়াছিন, কেষ্ট, দিদারদের সঙ্গে যোগ হয়েছেন কয়েকজন নবীন।
মাঠের বাইরে আক্রমণাত্মক মানসিকতায় ঘাটতি থাকলেও মাঠে শেখ জামালকে আক্রমণাত্মকই রাখতে চান আপুসি। কাল বিকেলে বৃষ্টিতে অনুশীলন গুটিয়ে ফেলার আগে ঘণ্টাখানেক দলকে আক্রমণাত্মক ফুটবলের অনুশীলনই করলেন। কে জানে, দ্য পাওয়ার অব ফোকাস বইয়ে হয়তো আক্রমণের পথই খুঁজছিলেন আপুসি!


ইয়াছিনকে যেকোনো জায়গায় খেলাতে পারি
গত মৌসুমে শেখ জামাল কোনো ট্রফি পায়নি। এবারও ঠিক তারকাখচিত দল হয়তো হয়নি আমাদের। তবে মানুমুল, সনি নর্দেরা যখন ছিল; তখন ১১ জন খেলত। এখনো ১১ জনই খেলবে। নতুন এই দল নিয়েও আমি ভীষণ আশাবাদী। অন্যরা পারলে আমরা কেন নয়? দায়িত্ব নিয়ে বলছি, শেখ জামাল এবার চমক দেবে। ডিফেন্ডার ইয়াছিনকে নিয়ে আমার নতুন কিছু চিন্তা আছে। সেটা এখনই বলব না। তবে এটুকু বলি, ওঁকে আমি গোলপোস্ট বাদ দিয়ে যেকোনো জায়গায়ই খেলাতে পারি। সবাই একটু অপেক্ষা করুন।

দলীয় শক্তির ওপরই জোর দিচ্ছি আমরা
শেখ জামাল সব সময়ই চায় ভালো কিছু করতে। এবারও ব্যতিক্রম হবে না। দলটা ভালো হয়েছে, আমাদের সবচেয়ে ভালো দিক, একক নৈপুণ্য নয়, দলীয় শক্তির ওপরই জোর দেওয়া হচ্ছে। একাদশে জায়গা পেতে খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। নতুন বিদেশিরা দ্রুত উন্নতি করছে। তা ছাড়া নতুন ক্লাব সভাপতি, গভর্নিং বডির সভাপতি সব সময় মাঠে আসছেন, উৎসাহ দিচ্ছেন। সবাই মিলে মাঠে নিজেদের সেরাটা দিতে পারলে আমার বিশ্বাস, ভালো ফলই আমরা পাব।