বদলে গেছেন বালোতেল্লি!
জন্মেছেন দৈবপ্রতিভা নিয়েই। তবে পেশাদারি শব্দটির কানাকড়ি ওজনও মারিও বালোতেল্লি বুঝে থাকলে তাঁর জীবনটাই যেত বদলে। যে ক্লাবেই গেছেন, নিজের খেয়াল-খুশিমতো নানা কাণ্ডকীর্তি করে কোচের আস্থা হারিয়েছেন। হোসে মরিনহোর মতো ব্যক্তি-ব্যবস্থাপনায় ঝানু কোচও তাঁর ব্যাপারে বলেছিলেন, ‘সামলানোর অসাধ্য।’ সেই বালোতেল্লিই নাকি ধারে এসি মিলানে খেলতে গিয়ে পুরো বদলে গেছেন! মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গ্যালিয়ানির দাবি অন্তত এমনই।
স্কাই স্পোর্টস ইতালিয়াকে গ্যালিয়ানি বলেছেন, ‘ওর দৃষ্টিভঙ্গি অসাধারণ। আমূল বদলে গেছে ও।’ বালোতেল্লির বদলে যাওয়ার কিছু উদাহরণও দিলেন, ‘মিলানেল্লোতে (মিলানের প্রশিক্ষণ মাঠ) সবার আগে আসে ও, যায় সবার শেষে। মিহাইলোভিচ চান যেন খেলোয়াড়েরা সাড়ে আটটার মধ্যে সকালের নাশতা সেরে ফেলে। ও আটটার মধ্যেই সেখানে চলে যায়।’
গ্যালিয়ানির আশা পরিবর্তনের এই ধারাটা বালোতেল্লি ধরে রাখবেন, ‘ও সম্ভবত বুঝতে পেরেছে যে এটাই ওর শেষ সুযোগ এবং সেটা ও নষ্ট করবে না।’
প্রশ্নটা হলো, বালোতেল্লির এই শুধরে যাওয়া শুধুই কি নিজের উপলব্ধি থেকে নাকি মিলানের চাপিয়ে দেওয়া ‘ভালো আচরণের’ শর্ত মানতে গিয়ে? প্রথমটা হলেই ভক্ত, সহ-খেলোয়াড়, কোচ সবাই বর্তে যান! গোলডটকম।