বদলে যাওয়া ব্রাজিলের সামনে পেরু
শীতের নিষ্প্রাণ ভাব কাটিয়ে বসন্ত এলেই গাছের পাতা যেমন সবুজ ও সজীব হয়ে ওঠে, ব্রাজিল দলের অবস্থা এখন তেমনই। দিন তিনেক আগেও ঘিরে থাকা গুমোট ভাবটা সরে গিয়ে সেলেসাও ক্যাম্পটা এখন হাসছে। একটা বড় জয়, তা যত ছোট দলের বিপক্ষেই হোক না কেন, সবকিছু কেমন বদলে দিল!
আত্মবিশ্বাস ফিরে পাওয়া ব্রাজিল আগামীকাল শতবার্ষিকী কোপা আমেরিকায় গ্রুপে নিজেদের শেষ ম্যাচে খেলবে পেরুর বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণে ‘যদি, কিন্তু’র ছাপ না রাখতে চাইলে ম্যাচটা জিততে হবে কার্লোস দুঙ্গার দলকে। খুব কি বেশি কঠিন কাজটা?
কোপা আমেরিকার শুরুর অবস্থা থাকলে হয়তো এর উত্তরে সরাসরি ‘না’ বলা যেত না। নিয়মিত অধিনায়ক নেইমার নেই, প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে নিষ্প্রাণ ড্র—তিন দিন আগেও ব্রাজিল যেন ছিল ব্রাজিলের ছায়া। বৃহস্পতিবার হাইতির সঙ্গে ৭-১ গোলের জয়টাই উজ্জীবিত করে তুলেছে কুতিনহো-উইলিয়ানদের। র্যাঙ্কিংয়ে ৭১তম হাইতি বড় প্রতিপক্ষ নয় ঠিকই, তাদের বিপক্ষে ব্রাজিলের সহজ জয়ই ধরে নেওয়া যাচ্ছিল। কিন্তু হাইতির চেয়েও ওই ম্যাচে ব্রাজিলের মাথার ওপর গিলোটিন হয়ে দাঁড়িয়েছিল নিজেদের চেনানোর চাপ, একটা ‘ব্রাজিলীয়’ পারফরম্যান্স দেখানোর চাপ।
চ্যালেঞ্জটিতে সেদিন দুর্দান্তভাবেই উতরে গেছেন কুতিনহোরা। যেন আয়োজন করে ঘোষণা দেওয়া, ‘আমাদের হিসাবের বাইরে রাখার দুঃসাহস করো না!’ কিন্তু সেই ম্যাচ এখন অতীত। কক্ষপথে ফেরা হলো, এবার ব্রাজিলের সামনে সেই পথ ধরে সামনে এগিয়ে যাওয়ার পালা। বড় কিছুর স্বপ্ন দেখার পালা। যেখানে প্রথম চ্যালেঞ্জ হয়ে আসছে পেরু।
হ্যাটট্রিক করে হাইতি ম্যাচের নায়ক বনে যাওয়া ফিলিপে কুতিনহোও বড় কিছুর স্বপ্ন দেখেন। তবে সতীর্থদের সতর্কও করে দিচ্ছেন লিভারপুল মিডফিল্ডার। হাইতি ম্যাচের পর বলেছিলেন, ‘বেশ ভালো একটা ম্যাচ খেললাম, খুশিমনেই মাঠ ছেড়ে যাচ্ছি। এখন মনোযোগ দিতে হবে পেরুর বিপক্ষে ম্যাচে। বড় কিছুর স্বপ্ন দেখছি আমরা, তবে তার আগে পরের ম্যাচের (পেরু) জন্য ভালো প্রস্তুতি নিতে হবে। পেরু অনেক শক্ত দল।’
রেকর্ড অবশ্য কুতিনহোর সঙ্গে দ্বিমত করবে। পেরু সর্বশেষ দুটি কোপায় তৃতীয় হয়েছে ঠিকই, তবে ব্রাজিলের সামনে ঠিক দাঁড়াতে পারছে না। এ পর্যন্ত ৪২ ম্যাচের ৩০টিতেই হেরেছে, জয় মাত্র ৩টি। সর্বশেষ জয়ও ১৯৮৫ সালে প্রীতি ম্যাচে। কোয়ার্টার ফাইনালে উঠতে গেলে সেলেসাওদের নিশ্চিত করতে হবে, ধারাটা যেন না ভাঙে। ড্র করলেও অবশ্য চলবে, তবে সে ক্ষেত্রে গোল ব্যবধানের হিসাবে যেতে হতে পারে।
ফর্মে থাকা ব্রাজিল নিশ্চয়ই সেই ‘যন্ত্রণা’য় যেতে চাইবে না। গার্ডিয়ান, এমএলএসসকার।