বদলে যাওয়া রোনালদোয় বয়সের ছাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর খেলায় কি তবে পড়তে শুরু করেছে বয়সের ছাপ?
রোনালদোর খেলায় কি তবে পড়তে শুরু করেছে বয়সের ছাপ?

ক্যারিয়ারের সবচেয়ে সেরা মৌসুম কাটিয়েছেন। ৫৪ ম্যাচে ৬১ গোল। ছাড়িয়ে গেছেন ২০১১-১২ মৌসুমে ৫৫ ম্যাচে করা ৬০ গোলের রেকর্ড। কিন্তু তার পরও ক্রিস্টিয়ানো রোনালদোকে এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে—তবে কি তাঁর খেলায় পড়তে শুরু করেছে বয়সের ছাপ?
গত ফেব্রুয়ারিতে ৩১-এ পা দিয়েছেন। যে ধরনের গতি নিয়ে খেলতে হয়, একজন ফরোয়ার্ড ৩০ পেরোনোর সঙ্গে সঙ্গে সেই গতি হারাতে শুরু করেন। নামের পাশে রোনালদোর গোলসংখ্যা আর আর ফিটনেস এই তত্ত্বকে বুড়ো আঙুলই দেখাচ্ছে। কিন্তু গত ১২ মাসে রোনালদোর খেলার ধরন ভালোভাবে পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে, বয়সের ছাপ পড়তে শুরু করেছে তাঁর খেলায়।
২০০৯ সালে তখনকার বিশ্ব রেকর্ড ৯৪ মিলিয়ন ইউরো দিয়ে যে রোনালদোকে দলে ভিড়িয়েছিল, সেই রোনালদো ছিলেন বাঘের মতো ক্ষিপ্র। দুর্দান্ত ড্রিবলিং ক্ষমতা, ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে নাটমেগ করার জাদু, গতি দিয়ে সবাইকে ছিটকে ফেলা। ছিল অবিশ্বাস্য টেকনিক আর যেকোনো জায়গা থেকে গোল করার ক্ষমতা। ছয় বছর পরের সেই রোনালদো উইঙ্গার থেকে এখন যেন পুরোদস্তুর স্ট্রাইকার। বেশির ভাগ সময় বক্সে ওত পেতে থাকেন। আর ড্রিবলিংয়ের জাদু নয়, এক প্রান্ত থেকে অবিশ্বাস্য গতিতে বল টেনে নিয়ে আসা নয়; বেশির ভাগ গোল এখন আসে ‘ওয়ান টাচে’।
রোনালদোর বদলে যাওয়া নিয়ে গোলডটকমের বিশ্লেষণধর্মী লেখার শিরোনাম: ‘ওয়ান টাচ, ওয়ান গোল—মিট দ্য নিউ ক্রিস্টিয়ানো রোনালদো’।

এই মৌসুমে রোনালদোর গোলের ধরন। গ্রাফিক্স গোলডটকম
এই মৌসুমে রোনালদোর গোলের ধরন। গ্রাফিক্স গোলডটকম


এই মৌসুমেও লিগে ৪৮ গোল করেছেন। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে চতুর্থবারের মতো জিততে চলেছেন ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন শ্যু। কিন্তু পর্তুগিজ এই তারকাকে নিজের খেলার ধরন বদলে ফেলতে হয়েছে বয়সের কারণেই। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যে রোনালদো রিয়ালে এসেছিলেন, সেই রোনালদো এখন অন্য রকম এক খেলোয়াড়।
২৪ বছর বয়সী সেই তুখোড় রোনালদো, মাঠের অনেক ভেতর থেকে বল টেনে এনে ড্রিবলিংয়ে ডিফেন্ডারদের ছিটকে ফেলা এখন তাঁর জন্য অতীত। সেভিয়া, এসপানিওল, গেটাফের বিপক্ষে তাঁর সর্বশেষ ম্যাচগুলোয় গোল করার ধরন থেকেই এটা স্পষ্ট। রোনালদো এখন যেন অনেক বেশি সেন্টার ফরোয়ার্ড। পরিসংখ্যানেও তার প্রমাণ।

লিগে ৪৮ গোলের ৪১টিই রোনালদো করেছেন ওয়ান টাচে (৮৫ শতাংশ)। ৪৮ গোলের ৪৩টিই (৯০ শতাংশ) বক্সের ভেতর থেকে। দশটি গোল (২১ শতাংশ) এসেছে পেনাল্টি থেকে, ১২টি (২৫ শতাংশ) হেডে। যে ফ্রি কিকের জন্য তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ভয়ংকর, এবার মাত্র দুটো গোল এসেছে সেই ফ্রি কিক থেকে (৪ শতাংশ)। মাঝখানে টানা ৫৬টি ফ্রি কিক থেকে রোনালদো গোল করতে পারেননি, ভাবা যায়!
অথচ রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে মাত্র ২৬ গোল করলেও এর আটটি নিজের একক প্রচেষ্টায়, সেই ড্রিবলিংয়ের​ জাদুতে। এখন আগের চেয়ে দ্বিগুণ গোল করছেন, কিন্তু সেই জাদু যেন হারিয়ে যাচ্ছে।
ক্রিস্টিয়ানো রোনালদো যেন ​‘সিআর-সেভেন’ থেকে এখন হয়ে উঠছেন ‘সিআর-নাইন’!

গত ৬ মৌসুমে রোনালদো-মেসির ড্রিবলিং থেকে গোল করার হার। গ্রাফিক্স গ্রুপ১৪
গত ৬ মৌসুমে রোনালদো-মেসির ড্রিবলিং থেকে গোল করার হার। গ্রাফিক্স গ্রুপ১৪