বদলে যাচ্ছে আরামবাগ
বদলে যাচ্ছে আরামবাগ ক্রীড়া সংঘ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে শেখ ফজলুল হক মণির নামে ক্লাবের নতুন নাম হতে যাচ্ছে আরামবাগ শেখ ফজলুল হক মণি ক্লাব। আবাহনী-মোহামেডানের মতো লিমিটেড কোম্পানিও হতে যাচ্ছে ১৯৫৮ সালে আরামবাগে গড়ে ওঠা ক্লাবটি। আগামী সপ্তাহে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে ঘোষণাটি আসতে পারে।
শুধু ব্যানার-সাইনবোর্ডে আর কাগজে-কলমেই বদল নয়, অন্যভাবেও পরিবর্তন হচ্ছে আরামবাগের। জাতীয় কোচ সাইফুল বারী টিটুকে দেওয়া হতে পারে ফুটবল দলের দায়িত্ব। টিটুও দায়িত্ব নিতে প্রস্তুত, ‘ক্লাবটি অনেক আগেই প্রস্তাব দিয়েছিল। তবে এখানে ফেডারেশনের অনুমতির একটা ব্যাপার আছে, বিষয়টি এ জন্য ঝুলে আছে। অনুমতিটা পেলে অবশ্যই দায়িত্ব নেব।’
১৯৮০ সালে নেপালে আনফা কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে আরামবাগ, ১৯৯৫ সালে সিকিমের মুখ্যমন্ত্রী গোল্ড কাপ ও নাগজি গোল্ড কাপে হয় রানার্সআপ। এরপর থেকে যেন হারিয়েই যায় ক্লাবটি। প্রিমিয়ার ফুটবল থেকে অবনমিত হওয়ার পর এবার চ্যাম্পিয়নশিপ লিগে রানার্সআপ হওয়ার সুবাদে আগামী মৌসুমে আবারও সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে ফিরছে। ক্লাবের নতুন সভাপতি মোমিনুল হক সাঈদ ক্লাবের খোলনলচে বদলে দেওয়ারও স্বপ্ন দেখছেন, ‘শেখ ফজলুল হক মণি যেহেতু আমাদের এলাকার সন্তান, তাই তাঁর নামানুসারে আরামবাগ ক্রীড়া সংঘ এবারের প্রিমিয়ার লিগে আসবে। আগামী সপ্তাহে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বিষয়টি জানাব। ক্লাবটিতে নতুন কিছু করতে চাই।’
ভালো মানের বিদেশি ফুটবলারও নেওয়ার চেষ্টা চালাচ্ছে আরামবাগ। ব্রাজিলিয়ান স্ট্রাইকার টাইসুন ডি সিলভা, ঢাকায় নিয়মিত খেলা সামাদ ইউসুফ, কেস্টার আকন ও ইসমাইল বাঙ্গুরাকে নিতে পারে ক্লাবটি। সব মিলিয়ে এবারের পেশাদার লিগে ভালো একটা দলই গড়তে চান মোমিনুল, ‘প্রত্যেক সংগঠকেরই স্বপ্ন থাকে নিজের দলের সাফল্য দেখার। যেহেতু এবার আমি ক্লাবের সভাপতি হয়েছি, ভালো একটা দলই গড়ব।’ যদিও চ্যাম্পিয়নশিপ লিগ শেষ হওয়ার পর প্রিমিয়ার লিগের দল গড়ার জন্য আরামবাগকে সময় দেওয়া হয়নি বলে বাফুফেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মোমিনুল।
একসময় ‘জায়ান্ট কিলার’ বলেই খ্যাতি ছিল আরামবাগের। আবারও পুরোনো চেহারায় ফিরতে চান মোমিনুল, ‘একসময় আরামবাগের সঙ্গে খেলতে আবাহনী-মোহামেডানও ভয় পেত। জায়ান্ট কিলার হিসেবে সুনাম ছিল আমাদের। আবারও জায়ান্ট কিলার হওয়ার পথে আরামবাগ।’