বদলে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের সময়, বাংলাদেশিদের সুবিধা-অসুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ চ্যাম্পিয়নস লিগে মাঠে নামছেন লিওনেল মেসি। ছবি: এএফপি
আজ চ্যাম্পিয়নস লিগে মাঠে নামছেন লিওনেল মেসি। ছবি: এএফপি
এই মৌসুম থেকেই চ্যাম্পিয়নস লিগের সময়সূচিতে পরিবর্তন আসছে। একই সময়ের পরিবর্তে দুটি ভিন্ন সময়ে হবে ম্যাচগুলো। এতে টিভি ও অনলাইনের দর্শকেরা আরও বেশি ম্যাচ দেখার সুযোগ পাবেন


বার্সেলোনা সমর্থকদের জন্য সুখবর। চ্যাম্পিয়নস লিগের প্রথম দিনেই মাঠে নামছে বার্সেলোনা। না, এটিই আসল সুখবর নয়। সুখবর হলো, ম্যাচটি দেখতে গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হবে না। আজ চ্যাম্পিয়নস লিগের প্রথম দুটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টা ৫৫ মিনিটে। সাধারণত এই ম্যাচগুলো শুরু হতো রাত পৌনে ১টায়।

এই মৌসুম থেকেই চ্যাম্পিয়নস লিগের সময়সূচিতে পরিবর্তন আসছে। একই সময়ে একাধিক ম্যাচ হলে টিভি দর্শকের মধ্যে এর একটা নেতিবাচক প্রভাব পড়ে। এ কারণে এবার মূলত ভিন্ন দুটি সময়ে গ্রুপ পর্বের ম্যাচগুলো আয়োজন করবে উয়েফা। তবে এখনো একই সময়ে একাধিক ম্যাচ হবে। আজই যেমন বাংলাদেশ সময় রাত ১০টা ৫৫ মিনিটে একদিকে খেলবে বার্সেলোনা-পিএসভি। অন্যদিকে ইন্টার মিলান খেলবে টটেনহামের বিপক্ষে। তবে আগের মতো অনেক ম্যাচ এখন একসঙ্গে হবে না।

ম্যাচের সময় এগিয়ে আসার সুবিধাজনক দিকটা যেমন আছে, অসুবিধাও আছে। একই দিনে দুটি ভিন্ন সময়ে ম্যাচ হবে। ফলে দ্বিতীয় ম্যাচটিকে জায়গা করে দিতে আগের সূচির চেয়ে পেছানো হয়েছে ১৫ মিনিট সময়। আগে রাত পৌনে ১টায় ম্যাচগুলো হতো, এ তো আগেই জেনেছেন। এবার দিনের দ্বিতীয় ম্যাচগুলোর শুরুর সময় হচ্ছে বাংলাদেশ সময় রাত ১টা।

এর অসুবিধা পোহাতে হবে রিয়াল-বার্সা দুই ক্লাবের সমর্থকদেরই। রিয়ালের গ্রুপ পর্বের ছয় ম্যাচের প্রথম তিনটি রাত ১টায় শুরু। শেষ তিনটি ম্যাচের সময় ইউরোপে ডে-লাইট সেভিং শুরু হয়ে যাবে। সময় এগিয়ে আনা হবে এক ঘণ্টা। ফলে নভেম্বর-ডিসেম্বরে রিয়ালের শেষ দুটি ম্যাচ বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে। অন্য ম্যাচটি শুরু হবে রাত ১১টা ৫৫ মিনিটে।

বার্সেলোনার প্রথম ম্যাচটি রাত ১০টা ৫৫ মিনিটে শুরু হলেও বাকি ৫ ম্যাচের দুটি রাত ১টায়, শেষ তিনটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়!

এখনো নকআউট পর্বের সময়সূচি ঘোষিত হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তখনো ভিন্ন দুটি সময়ে ম্যাচগুলো হবে। এতে করে নকআউট পর্বে রিমোট ঘুরিয়ে এই ম্যাচ আবার ওই ম্যাচ দেখার বিড়ম্বনা অনেকটাই কমবে। এটা অবশ্যই ভালো দিক।