বন্ধু আগুয়েরোকে রিয়ালে দেখবেন মেসি?

লিওনেল মেসির দুর্ভাগ্যই বলতে হবে। বার্সেলোনার হয়ে মাঠ মাতাচ্ছেন এক যুগ হয়েছে কিন্তু জাতীয় দলের আক্রমণের সতীর্থদের ক্লাব সঙ্গী হিসেবে পাচ্ছেন না কোনোভাবেই। গঞ্জালো হিগুয়েইন ও অ্যাঙ্গেল ডি মারিয়া স্পেনে সময় কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। দলবদলের বাজারের গুঞ্জন যদি বিশ্বাস করতে হয়, তবে সবচেয়ে প্রিয় বন্ধুকেও চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের জার্সিতে দেখতে হবে তাঁর। ইংল্যান্ড ও স্পেনে জোর গুঞ্জন, ম্যানচেস্টার সিটি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন সার্জিও আগুয়েরো!
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, গোল না পাওয়ার সমস্যায় ভোগা রিয়াল মাদ্রিদ এই জানুয়ারিতেই নতুন স্ট্রাইকার কিনতে যাচ্ছে। শুরুতে মাওরো ইকার্দির নাম শোনা গেলেও এখন তারা আরেক আর্জেন্টাইনের দিকে নজর দিয়েছে। এ মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন আগুয়েরো। ১৩ গোল করে ফেলেছেন। স্প্যানিশ সাংবাদিক হোসে আলভারেজ হায়ার দেওয়া তথ্য অনুযায়ী এর ১২টিই গোড়ালির চোট নিয়ে। মৌসুমের শুরুতে এভারটনের বিপক্ষে চোট পাওয়ার পর থেকেই নাকি চোট নিয়ে খেলছেন আগুয়েরো।
স্প্যানিশ টেলিভিশন শো এল চিরিনগুইতোর দাবি, কোচ পেপ গার্দিওলা নিজের প্রথম স্ট্রাইকার হিসেবে গ্যাব্রিয়েল জেসুসকে বেছে নিচ্ছেন বারবার। টটেনহামের বিপক্ষে প্রথম একাদশে রাখা হলেও পরে তাঁকে উঠিয়ে নেওয়া হয়। আর ম্যানচেস্টার ডার্বিতে তো আর্জেন্টাইন ফরোয়ার্ডকে প্রথম একাদশেই রাখা হয়নি। এতে বিরক্ত আগুয়েরো সিটি ছাড়তে চাচ্ছেন। এ সুযোগটাই নিতে চাচ্ছে রিয়াল। আগুয়েরোকে পেতে নাকি ৬২ মিলিয়ন পাউন্ড দিতে রাজি ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
আগুয়েরোর চোট-সংক্রান্ত সংবাদটি যিনি দিয়েছেন, সেই আলভারেজ হায়াই এ ব্যাপারে টুইট করেছেন, ‘কুন আগুয়েরো শিগগিরই ম্যানচেস্টার সিটি ছাড়তে পারে। এ ক্লাব ও সমর্থকদের সে খুব ভালোবাসে। কিন্তু কোচের সঠিক মূল্যায়ন পাচ্ছে না সে। প্রিমিয়ার লিগে মিনিট প্রতি গোলের হিসাবে সে দ্বিতীয় (প্রতি ১০১ মিনিটে এক গোল)। রিয়াল মাদ্রিদ ওর সম্ভাব্য গন্তব্য হতে পারে।’
মাদ্রিদে এলে খাপ খাওয়াতে অবশ্য সময় লাগার কথা নয় আগুয়েরোর। পাঁচটি বছর তো অ্যাটলেটিকো মাদ্রিদের হয়েই খেলেছেন তিনি। তখন দুই মাদ্রিদের মধ্যে অলিখিত সমঝোতার কারণে আগুয়েরোকে কেনার চেষ্টা করেনি রিয়াল। এবার তো ফ্লোরেন্তিনো পেরেজের সামনে অমন বাধাও নেই!