জুভেন্টাসে সহ-খেলোয়াড়, কিন্তু পাশাপাশি খেলতে খেলতে গত দুই মৌসুমে আলভারো মোরাতাকে হৃদয়ের খুব কাছাকাছি টেনে নিয়েছিলেন সিমোনে জাজা। মাদ্রিদ থেকে তুরিনে এসে আবার মাদ্রিদেই ফিরে যাচ্ছেন মোরাতা। আসন্ন মৌসুমেই আবার রিয়ালের জার্সি গায়ে উঠবে স্প্যানিশ স্ট্রাইকারের। বন্ধুর জন্য জাজার বুকটা ভেঙে যাচ্ছে। ইনস্টাগ্রামে বন্ধুকে বিদায় সম্ভাষণ জানিয়েছেন অনেক স্মৃতির কোলাজ তুলে দিয়ে। পোস্ট করেছেন জুভেন্টাসে খেলার সময়কার ছবি, লিখেছেন, ‘আমার জীবনে খুব কম লোক আছে যাদের আমি চিরকাল আমি পাশে পেতে চাই। তুমি তাদের একজন।’ তবে বন্ধুর জন্য শুধু ফুলই বরাদ্দ রাখেননি জাজা, ফুলের সঙ্গে কাঁটাও রেখেছেন। আগামীকাল সোমবার ইউরোর নকআউটপর্বে মুখোমুখি ইতালি ও স্পেন। ইতালি স্ট্রাইকার বলেছেন, আলভারো (মোরাতা) তোমার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করব সম্ভবত মঙ্গলবার থেকে। অর্থাৎ শেষ ষোলোর ওই ম্যাচটির পরদিন থেকেই! গোলডটকম।