বন্ধু, তোমার পথের সাথিকে...

নয় বছর আগের কথা। আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ডাক পেয়েছে একঝাঁক তরুণ। আকাশি-নীল জার্সি গায়ে চড়াবে, সবার সজীব চোখে নতুন স্বপ্নের বান। সবাই অবশ্য সবাইকে চেনে না। এজেকিয়েল লাভেজ্জিকে আগে থেকেই চিনত সার্জিও আগুয়েরো। দূর থেকে দেখল, লাভেজ্জি ছোটখাটো লম্বাচুলো একজনের সঙ্গে গল্প জুড়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে একজোড়া নতুন বুট নিয়ে এসেছিল সেই তরুণ, গল্পের বিষয়বস্তু সেটিই। কথায় কথায় আগুয়েরো সেই তরুণের কাছে নাম জানতে চাইল। ‘লিও’—উত্তর দিল ছেলেটি। ‘লিও? লিও কী?’—আগুয়েরোর পাল্টা। ‘লিওনেল, লিওনেল মেসি’—জবাব এল ওদিক থেকে।
মুহূর্তটা হৃদয়ের মণিকোঠায় চিরকাল রেখে দিয়েছেন সার্জিও আগুয়েরো। সেদিন থেকে দুজন শুধু সতীর্থ নয়, যেন হরিহর আত্মাই। মেসির নামটা শোনার পরই অবশ্য নামটা চকিতে উঁকি দিয়ে গিয়েছিল স্মৃতিতে। আগুয়েরো নিজেই জানাচ্ছেন, ‘আমার মনে পড়ল নামটা শুনেছি। ও হ্যাঁ, এটা তো রোজারিওর সেই ছেলেটা। ও তো বার্সেলোনায় খেলে এখন।’
কদিন আগেই প্রকাশিত হয়েছে আগুয়েরোর নতুন আত্মজীবনী বর্ন টু রাইজ। সেখানেই উঠে এসেছে মেসির সঙ্গে তাঁর উষ্ণ সম্পর্কের কথকতা। এর পর থেকে আর্জেন্টিনার হয়ে খেলার সময় দুজন সব সময় এক রুমে থাকেন। এই দীর্ঘ ৯ বছরে সেটার ব্যতিক্রম হয়েছে কমই। কদিন আগে যেমন, চোটের জন্য দলে ছিলেন না মেসি। আগুয়েরোর মুখেই শুনুন, ‘আমাদের যেকোনো একজন না থাকলে রুমে আমরা একাই থাকি। শেষবার যখন সে ছিল না আমাকে একটা খুদে বার্তা পাঠাল, ‘তোমার সঙ্গে কে আছে?’ আমি জবাব দিলাম, “তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আমি একাই আছি।” মেসির রসবোধ যে কম নয়, সেটাও বোঝা গেল তখনই, ‘দেখো আমার সঙ্গে আবার প্রতারণা করো না।’ গোলডটকম।